বরাদ্দের ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) বরাদ্দের ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র ও ইউপি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনাউটি ইউনিয়ন পরিষদে ইজিপিপির আওতায় ১০০ দিনের কর্মসূচিতে ১২৫ জন শ্রমিকের কাজ করার কথা রয়েছে। প্রকল্পটি তদারকির দায়িত্বে রয়েছেন সাতজন সুপারভাইজার। প্রকল্পের বরাদ্দ ও কার্যক্রম নিয়ে আলোচনা করতে বুধবার দুপুরে পরিষদে যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিনাউটি ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
পরিষদের হলরুমে আলোচনা শেষে তারা বাইরে বের হলে তর্কাতর্কি শুরু হয়। এ সময় তিনলাখপীর এলাকার এক যুবক মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন। স্থানীয়দের ভাষ্য, তাকে ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় বাবু নামের এক সিএনজিচালক বিষয়টি দেখে এলাকায় জানালে ভিডিও ধারণকারী ওই যুবকের স্বজনেরা সেখানে আসেন। এ সময় তাদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিনাউটি ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, ইজিপিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে পরিষদে আলোচনা শেষে বের হওয়ার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের ভাগনে উজ্জল লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, উন্নয়ন কমিটির নামে কিছু কমিটি করা হয়েছে। এসব কমিটির লোকজন বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও বরাদ্দে হস্তক্ষেপ করেন। বুধবারও ইজিপিপি প্রকল্পের বরাদ্দের ভাগাভাগি নিয়ে পরিষদের বাইরে ঝগড়া হয়।
তিনি আরও বলেন, এ সময় এক যুবক হাতাহাতির ভিডিও ধারণ করলে তাকে আক্রমণ করা হয়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এমন ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিনাউটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ও সদস্য রাসেল খান বলেন, ইজিপিপি প্রকল্পের বরাদ্দ নিয়ে আলোচনা শেষে পরিষদের বাইরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বুধবার দুপুরে বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
