পঞ্চগড়ে পুকুরের ডুবে প্রাণ গেল শিশুর

পঞ্চগড় সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ওসমান গনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওসমান একই গ্রামের সায়েদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে শিশুটির বাবা আদালতের কাজে পঞ্চগড় শহরে যান। এদিকে শিশুটির মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি বাড়ির আঙিনায় খেলা করার একপর্যায়ে সবার অগোচরে বাইরে বের হয়ে পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।
স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
.png)





