দিনাজপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
দিনাজপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনি এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টার দিকে মধ্যপাড়া ভাদুরি বাজার ঈদগাহ মাঠের পেছনে বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধ্যপাড়া ভাদুরি বাজার এলাকার তৌহিদের স্ত্রী আকলিমা খাতুন (২১), তার চাচাশ্বশুর দুলাল হোসেনের মেয়ে সুরভি আক্তার (৮) এবং দুলালি আক্তার (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় আকলিমা খাতুন, সুরভি আক্তার ও দুলালি আক্তার। গোসল করার একপর্যায়ে সুরভি ও দুলালি পানিতে ডুবতে শুরু করে। এ সময় আকলিমা খাতুন তাদের বাঁচাতে চেষ্টা করলে তিনিও পানির নিচে তলিয়ে যান। বেশ কিছুক্ষণ পর আকলিমার স্বামী তৌহিদ তাদের বাড়িতে না পেয়ে পুকুরপাড়ে খুঁজতে যান। সেখানে তিনি তিনজনকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।