মাকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক, অভিযুক্তকে মাদকাসক্ত বলছেন স্বজনরা

রাজশাহীর মোহনপুর উপজেলায় জান্নাতুন নামে এক বৃদ্ধ নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলে আমিনুল ইসলামকে আটক পুলিশ। আটক যুবক মাদকাসক্ত বলে পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে জানতে পেরেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবন নিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তাতে কোনো ফল হয়নি।
মাদক সেবনের টাকা না দেওয়ায় বুধবার রাতে আমিনুল হাসুয়া দিয়ে তার মাকে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা আহত মুজিব সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
