logo

ইটভাটার কাছে মিলল মরদেহ, পাশে ছিল মোবাইল ও গাঁজা

ইটভাটার কাছে মিলল মরদেহ, পাশে ছিল মোবাইল ও গাঁজা
মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ। ছবি: এআই দিয়ে তৈরি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মো. মিজানুর রহমান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর অনুপনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ‘নাইস ইটভাটা’ সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান মোল্লাপাড়া গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ইটভাটা এলাকায় কাজ করতে গিয়ে শ্রমিকেরা একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রামপুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন এবং কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবন বা মাদক সংক্রান্ত অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।