কুমিল্লায় এমপি মোবাশ্বের/‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লার লাঙ্গলকোট ও লালমাই উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদে কারা নির্বাচিত হবেন, তা স্থানীয় সংসদ সদস্যরাই ঠিক করবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেছেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নির্ধারণ এবং নির্বাচিত করার দায়িত্ব এমপির।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার জন্ম দেয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা (পায়ের নালা) নিয়ে বাড়িতে যাইতে পারবেন না। মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত করে এমপি, এটা এমপির দায়িত্ব। মনোনয়ন দিবে এমপি, তবে মনোনয়ন এমপি এককভাবে দিবে না।’
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে দলের নেতাকর্মীদের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তা দলের শৃঙ্খলা পরিপন্থি হবে বলেও মন্তব্য করেন।
এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রোববার (১ নভেম্বর) বিকেলে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী দেওয়ার বিষয়ে নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে এমন ব্যক্তিদের উদ্দেশে তিনি ওই বক্তব্য দিয়েছেন।
ওই সংসদ সদস্য বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলীয় প্রার্থীর বিজয়ী হওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হবে। তবে এককভাবে কাউকে মনোনয়ন দেব, এমন কথা বলিনি।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
(2)-6182f1.jpg)


