শেরপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল ওরফে নিদানু (৫০) ওই এলাকার সুজা উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে ভুতনিকান্দা গ্রামের হামিদ ও সোলায়মানদের সঙ্গে সুজা উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরের দিকে হামিদ, সোলায়মানসহ কয়েকজন সুজা উদ্দিনের জমি দখল করতে যান। এ সময় ইসমাইলসহ কয়েকজন তাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ইসমাইলের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, মরদেহ থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।





