logo

সিলেটে প্রশাসনের মাদক-জুয়া-ছিনতাইবিরোধী ছয় ঘণ্টার অভিযান, ৪৪ জনের সাজা

সিলেটে প্রশাসনের মাদক-জুয়া-ছিনতাইবিরোধী ছয় ঘণ্টার অভিযান, ৪৪ জনের সাজা
অভিযানে সাজাপ্রাপ্ত কয়েকজন। ছবি: এশিয়া পোস্ট

সিলেট শহরে মাদক, জুয়া ও ছিনতাইয়ের বিরুদ্ধে টানা ছয় ঘণ্টা অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটা থেকে রাত একটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া সেল) আব্দুল বাছিত মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নগরের ছয়টি থানার বিভিন্ন এলাকায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারী ছিলেন।

বাছিত মোল্লা আরও বলেন, অভিযান শেষে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন। সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।