আজীবন বিএনপি করে মরতে চান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
আজীবন বিএনপি করে মরতে চান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা
Ali-Ahmed-Dulu

আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, রায়পুরা উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় বক্তব্যে তিনি বলেন, ‘দুইবার আমাকে রাজু সাহেব (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী) জোর কইরা ফেল করাইছে এবং আমাকে হয়রানি করেছে। আমাকে নির্বাচন অফিসে আটকিয়ে রেখেছে, অনেক হয়রানি হইছি। আমি কিন্তু কোনো দল করি নাই। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি একসময় ছাত্রদল করতাম। ’৮১ সাল থেকে ছাত্রদল করতে গিয়ে আমি যখন চেয়ারম্যান হইলাম, তখন যে দল ক্ষমতায় আসছে, সেই দলের পাশে আমি ব্যালেন্স করে চলে আসছি। কিন্তু অরিজিনালি ছোটবেলা থেকে আমি বিএনপি করছি। আমার এলাকাতে এই যে আমার ভাইয়েরা আছেন, এরা সবাই বিএনপির লোক।’

আলী আহম্মেদ দুলু বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি খোকন ভাইয়ের মাধ্যমে আমি বিএনপিতে যোগদান করেছি। কিন্তু যোগ দেওয়ার পরে আমি প্রেসক্লাবে বলি নাই। খাইরুল কবির খোকন ভাই আমাকে অনুমতি দিয়ে বলেছেন— আপনি গিয়ে আপনার এলাকাতে প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়া একটা মিটিং করেন, আলোচনা সভা করেন। সেই লক্ষ্যে আমার এই আজকের সাংবাদিক সম্মেলন।

আলী আহম্মেদ দুলু আরও বলেন, ‘অরিজিনালি আমি বিএনপিতে ছিলাম, আমি ছাত্রদল করেছিলাম। এখন আমি আমার ঘরে ফিরে আসছি। এই বিএনপিতে আজকে আবার নতুন করে প্রেসক্লাবের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপিতে পুরোভাবে যোগদান করলাম। আমি বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি এবং বাকি জীবন বিএনপি করেই আমি থাকতে চাই।’

তার এ বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। স্থানীয়রা জানান, আলী আহমেদ দুলু আগে জাতীয় পার্টির রাজনীতি করতেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং দল থেকে নানা ধরনের সুযোগ-সুবিধাও নিয়েছেন। শুধু তাই নয়, তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদও লাভ করেন এবং বহাল রয়েছেন।

বিষয় :নরসিংদী