হিলিতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হিলি বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরও একটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি জব্দ করে।
এ বিষয়ে হাকিমপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লক্ষীকান্ত বলেন, ঘটনাস্থলে একটি ককটেল পড়ে থাকতে দেখা গেছে। পরে সেটি জব্দ করা হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।