গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, আ.লীগের ২৮ নেতাকর্মীর নামে মামলা

গোপালগঞ্জের মুকসুদপুরে ককটেল বিস্ফোরণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে মুকসুদপুর সদর থেকে বাড়ি ফিরছিলেন বাদী আব্দুল কাইয়ূম শরীফ। পথে মুকসুদপুর সরকারি কলেজের সামনে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে তারা এ বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। এ সময় বাদীও তাদের পিছু নেন। পরে পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করেছেন—এ অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

