logo

চট্টগ্রামের তিন জেলায় শতভাগ ডিলার বিএনপি-সংশ্লিষ্ট, বাকি ৯ জেলায় ৮৭ শতাংশ

• চট্টগ্রাম বিভাগে ৭০১ সার ডিলারের মধ্যে ৬০৯ জনই বিএনপি-সংশ্লিষ্ট

• চট্টগ্রাম বিভাগে ৮৭ শতাংশ সার ডিলার বিএনপি-সংশ্লিষ্ট

চট্টগ্রামের তিন জেলায় শতভাগ ডিলার বিএনপি-সংশ্লিষ্ট, বাকি ৯ জেলায় ৮৭ শতাংশ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ চট্টগ্রাম। এ বিভাগের ১১টি জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চূড়ান্ত নিয়োগ পাওয়া ৭০১ জন সার ডিলারের তথ্য এসেছে এশিয়া পোস্টের হাতে। এসব তথ্য বিশ্লেষণে দেখা যায়, সারা দেশের ধারাবাহিকতায় চট্টগ্রামেও দলীয় বিবেচনায় ডিলার নিয়োগে একক আধিপত্য বজায় রেখেছে বিএনপি। বিভাগের মোট ৭০১ জন সার ডিলারের মধ্যে ৮৬ দশমিক ৮৮ শতাংশই বিএনপি নেতাকর্মী ও তাদের আত্মীয়স্বজন।

অনুসন্ধানে দেখা যায়, লক্ষ্মীপুর, চাঁদপুর ও বান্দরবান জেলায় শতভাগ ডিলারই বিএনপি-সংশ্লিষ্ট। এ ছাড়া কক্সবাজারে ৭৪ জনের মধ্যে ৭২ জন, কুমিল্লায় ১৮৭ জনের মধ্যে ১৭০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১০৬ জনের মধ্যে ৯১ জন, নোয়াখালীতে ৬৮ জনের মধ্যে ৫৪ জন, খাগড়াছড়িতে ৩৮ জনের মধ্যে ৩০ জন, রাঙামাটিতে ২৬ জনের মধ্যে ১৯ জন, ফেনীতে ৩৭ জনের মধ্যে ২৬ জন এবং চট্টগ্রাম জেলায় ৬৩ জনের মধ্যে ৪৫ জন ডিলার বিএনপি ও এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।

এ ছাড়া পুরো বিভাগে আওয়ামী লীগ বা এর সমর্থক ডিলার রয়েছেন ৩৮ জন এবং জামায়াতে ইসলামীর ১৬ জন (২ দশমিক ২৮ শতাংশ)। তবে ৩৮ জনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে পারেনি এশিয়া পোস্ট। যা বিভাগের মোট ডিলারের ৫ দশমিক ৪২ শতাংশ।

বিভাগের ১১টি জেলার উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, জেলাগুলোতে পদে থাকা একাধিক বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদল নেতা এবং তাদের স্ত্রী ও সন্তানরা সরাসরি সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

চট্টগ্রাম জেলা

সীতাকুণ্ড উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী নাজমুন নাহার চৌধুরী (চৌধুরী শাহজাহান কর্পোরেশন) এবং উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. লিয়াকত উল হক চৌধুরী (মেসার্স ইহান স্টোর) ডিলারশিপ পেয়েছেন। ফটিকছড়িতে উপজেলা বিএনপির সদস্য সচিবের ছেলে মুহাম্মদ বিন জহির (মোহাম্মদ স্টোর) ও উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন (একতা ট্রেডার্স) ডিলার হয়েছেন। রাঙ্গুনিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম বা জহির উদ্দিন বাবর (মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ) এবং লোহাগাড়ায় জেলা বিএনপি নেতা মো. শোয়াইবুল ইসলাম (এস কে এন্টারপ্রাইজ) ডিলারশিপ পেয়েছেন।

কুমিল্লা জেলা

বুড়িচংয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ভাগনে বাবুল আলম, সদর দক্ষিণে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমান উদ্দিন আহমেদ (জনতা ট্রেডার্স), চৌদ্দগ্রামে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলী (মুসা এন্টারপ্রাইজ), দাউদকান্দিতে বিএনপির কর্মী মো. হেলাল উদ্দিন তালুকদার (তালুকদার এন্টারপ্রাইজ), হোমনায় উপজেলা বিএনপির কর্মী মোবারক হোসেন (এম এইচ এগ্রো ট্রেডার্স) এবং চান্দিনায় ফাতেমা আক্তার (ফাতেমা এন্টারপ্রাইজ) ডিলার হয়েছেন।

নোয়াখালী জেলা

সদর উপজেলায় ছাত্রদলের সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সাদিপ (মেসার্স জাহিদুল ট্রেডার্স) ও সাবেক সহসভাপতি মাসুকুর আহমেদ (মেসার্স ডাইফ এন্টারপ্রাইজ) ডিলারশিপ পেয়েছেন। সুবর্ণচরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ) ও কৃষকদল নেতা আব্দুল মালেক (মালেক ট্রেডার্স), কবিরহাটে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর উদ্দিন (জুয়েল স্টোর), চাটখিলে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর (আনোয়ারা এন্টারপ্রাইজ) ডিলার হয়েছেন।

এ ছাড়া সেনবাগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটনের স্ত্রী হাসিনা আক্তার (মেসার্স হাসিনা-হান্নান ট্রেডার্স) এবং আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসির স্ত্রী বিবি আমেনা (মেসার্স হাসান জান্নাত ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন।

ফেনী জেলা

সোনাগাজীতে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর ভাই মোহাম্মদ মকছুদ আহম্মদ (মাস্টার এন্টারপ্রাইজ), ছাগলনাইয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমদ মজুমদারের ছেলে নুরুল আফছার মজুমদার (মেসার্স লুবাবা ট্রেড) ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জিয়াউল হাসান খোন্দকার (ইক্রা এন্টারপ্রাইজ) ডিলারশিপ পেয়েছেন।

ফুলগাজীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী (মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ) এবং পরশুরামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ তারিক হোসেন (মেসার্স দিয়ানাত) ডিলার হয়েছেন।

লক্ষ্মীপুর জেলা

রায়পুর উপজেলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা (মেসার্স গাজী এন্টারপ্রাইজ) ও জ্যেষ্ঠ সহসভাপতি আমির হোসেন ছুটু (মেসার্স বামনী ট্রেডার্স), রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশ (মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজ), রায়পুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান (মেসার্স কেরোয়া ট্রেডার্স) এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া (মেসার্স চর আবাবিল ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন।

বান্দরবান জেলা

লামা পৌরসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আমির হোসেনের ভাইয়ের স্ত্রী নুরুন্নাহার (মেসার্স নিখাত এন্টারপ্রাইজ), বান্দরবান সদরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল রহমানের ভাই মো. মিজানুর রহমান (মেসার্স জবেয়া কনস্ট্রাকশন), আলীকদমে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল ইসলাম (মেসার্স মবাইমুনা এন্টারপ্রাইজ) এবং নাইক্ষ্যংছড়িতে উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. শাহ জালাল (মেসার্স জিসাহ সাগর এন্টারপ্রাইজ) ডিলার হয়েছেন।

খাগড়াছড়ি জেলা

খাগড়াছড়ি সদরে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হাসেম ভূঁইয়া (মেসার্স রাফি এন্টারপ্রাইজ) ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুইচিংথুই চৌধুরী (মেসার্স এমি কনস্ট্রাকশন) ডিলারশিপ পেয়েছেন। গুইমারায় উপজেলা বিএনপির কোষাধ্যক্ষের স্ত্রী মোসা. আনোয়ারা বেগম (মেসার্স আনোয়ার স্টোর), রামগড়ে উপজেলা বিএনপি ছাত্রদলের সভাপতি শেখ দাউদুল ইসলাম (দীনাজ এন্টারপ্রাইজ) এবং লক্ষ্মীছড়িতে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মকবুল আহমেদ (মেসার্স মুন্না এন্টারপ্রাইজ) ডিলার হয়েছেন।

রাঙামাটি জেলা

বাঘাইছড়িতে উপজেলা যুবদলের সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেদোয়ান খান (মেসার্স রেদোয়ান ট্রেডার্স) এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান (তোহা এন্টারপ্রাইজ) ডিলারশিপ পেয়েছেন। লংগদুতে উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ জাহান (শাহজাহান টিম্বার) এবং নানিয়ারচরে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম ডিলার হয়েছেন। একই অবস্থা হয়েছে বিভাগের অন্যান্য জেলাতেও।

আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরাও ডিলার

রাজনৈতিক পটপরিবর্তনের পরও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ত কিংবা সুবিধাভোগী বেশ কিছু ব্যক্তি ও তাদের স্বজনদের ডিলার হিসেবে বহাল থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. আবদুর রব (ভাই ভাই ট্রেডার্স), মো. আবুল হাশেম (শেখ ট্রেডার্স), সাবেক এমপির সহযোগী মো. হাবিবুর রহমান (হাবিব স্টোর) ও মো. সফিকুল ইসলাম (সোহাগ এন্টারপ্রাইজ)।

চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মী নুরুল আলম (মেসার্স আলম এন্টারপ্রাইজ) এবং লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসাইন (মেসার্স তানিশা এন্টারপ্রাইজ) ও মনজুর আলম (মেসার্স বিসমিল্লাহ ট্রেডিং) ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া নোয়াখালীর সুবর্ণচরে যুবদল নেতার মামা ও আওয়ামী লীগ সমর্থক মো. আজিজ (জোহরা ট্রেডার্স), ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ ইব্রাহিম (মেসার্স হারুন এন্টারপ্রাইজ) ও মহি উদ্দিন (ফরায়েজি ট্রেডার্স), রাঙামাটির নানিয়ারচরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী তপন দেবনাথ (মেসার্স তপন এন্টারপ্রাইজ) এবং কাপ্তাইয়ে আওয়ামী লীগপন্থী বাসিং থোয়াই মারমা ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।