logo

গাজীপুরে কলেজছাত্রীকে অপহরণ, দল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা

গাজীপুরে কলেজছাত্রীকে অপহরণ, দল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা
দল থেকে বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা মো. রিজভী। ছবি: আইনশৃঙ্খলা বাহিনীর সৌজন্যে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়েছে। কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজ যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন রিজভী। রিজভীকে শাসন করেন ছাত্রীর পরিবারের সদস্যরা। তার পরও উত্ত্যক্ত করতে থাকেন রিজভী।

বিষয়টি রিজভীর পরিবারকে জানালে শাসন করে উল্টো বিয়ের প্রস্তাব পাঠান। প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হন রিজভী। গত ২৮ সেপ্টেম্বর সকালে কলেজ ওই ছাত্রী তার বাসার সামনে দোকানে কেনাকাটা করতে যান। সেখানে আগে থেকে কয়েকজন সহযোগী নিয়ে উপস্থিত ছিলেন রিজভী। দোকানে সামনে থেকে কলেজ ছাত্রীকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে অপহরণ করেন রিজভী।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক পত্রে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে রিজভীকে বহিষ্কার করা হয়।

বক্তব্য জানতে ছাত্রদল নেতা রিজভী ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাফর ইকবাল জনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর ইসলাম জানান, সোমবার অভিযোগ পাওয়ার পর কলেজছাত্রীর স্বজনদের দেখানো অনুযায়ী প্রত্যেকটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের অভিযান চলছে।