logo
Advertisement

দোকানে বসেছিল জুয়ার আসর, পুলিশের অভিযানে আটক ১১

দোকানে বসেছিল জুয়ার আসর, পুলিশের অভিযানে আটক ১১
আটককৃত আসামিরা। ছবি : পুলিশের সৌজন্যে

মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস পালিয়ে যান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমলসার গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩), মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাহজাহান মোল্লা (৫০), বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।

পুলিশ জানায়, আমলসার গ্রামের একটি দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মাগুরা আদালতে পাঠানো হয়েছে।