logo

‘সাংবাদিকদের জেলে ঢুকিয়ে দেব’ হুমকি দেওয়া সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

‘সাংবাদিকদের জেলে ঢুকিয়ে দেব’ হুমকি দেওয়া সেই ভূমি কর্মকর্তাকে শোকজ
সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো নায়েব আবুল কালাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালাগাল, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়া সদর পৌর ভূমি অফিসের সেই নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এশিয়া পোস্টকে তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দেখেছেন। এ ঘটনায় রোববার সকালে তাকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাংবাদিক অনিক খান নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। এসময় নায়েব আবুল কালামকে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে গালাগাল করে আবুল কালাম বলেন, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব। এসময় অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন নায়েব। এসময় তার সঙ্গে থাকা অন্য সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে তাদের উদ্দেশে ‘মাস্তানি করতে আইছস’ বলে মন্তব্য করেন আবুল কালাম। একপর্যায়ে সাংবাদিকদের বেঁধে পেটানো এবং জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন তিনি।

সরকারি দপ্তরে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার মুখে এমন হুমকির ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিকদের মধ্যে।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারহাদ, সাংবাদিক আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এমন আচরণ শুধু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা নয়, বরং সরকারি সেবাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।

সাংবাদিকদের দাবি, শোকজের মধ্যেই যেন এ ঘটনার নিষ্পত্তি না হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এখন জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন ময়মনসিংহের সাংবাদিকরা।