Advertisement

শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি, আইনজীবীসহ গ্রেপ্তার ১৫

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি, আইনজীবীসহ গ্রেপ্তার ১৫
গ্রেপ্তারকৃদের একাংশ। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতির সময় পাঁচজন আইনজীবীসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

আইনজীবী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওয়াবদা কলোনিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবার বাসায় শোক দিবস পালনের উদ্দেশ্যে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ওই ভবনে অভিযান চালিয়ে অনুষ্ঠানস্থল থেকে আইনজীবী ও অন্যান্যদের আটক করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, অ্যাডভোকেট কামেলা খানম, অ্যাডভোকেট আয়েশা হেভেন, অ্যাডভোকেট সুজলা অন্তরা, অ্যাডভোকেট শারমিন ইয়াসমিন নিশু, ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন এবং জীশু রায় চৌধুরী।

রোববার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, শনিবার রাতে একটি স্থান থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে কয়েকজন আইনজীবী রয়েছেন। পুরো বিষয়টি সিএমপির জনসংযোগ শাখা (পিআর) থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলার বিষয় বিবেচনা করে ও সুনির্দিষ্ট খবরের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে আদালতপাড়ায় এ ঘটনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ঘটনার বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, আমি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি, বিষয়টি নিয়ে পরে কথা বলব।

অন্যদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ বলেন, সমিতির সব সদস্যেরই আমি সভাপতি। পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আপাতত পেশাগত ব্যস্ততা থাকায় বিস্তারিত পরে জানাতে পারব।