logo

নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীরা আহত হওয়ার পর দুর্ঘটনাস্থলে উৎসুক জনতা ও স্থানীয়দের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার কাশিপুর ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় অবস্থিত মালেহা খাতুন বালিকা মহিলা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রীরা হলো-জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে মাদ্রাসার কয়েকজন ছাত্রী ছাদে খেলাধুলা করছিল। এ সময় দুর্ঘটনাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

মালেহা খাতুন মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রহমান বলেন, সাধারণত ছাত্রীরা ছাদে খেলতে যায় না। ওই দিন বিকেলে কয়েকজন ছাদে খেলতে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পাঁচজন আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, একই সময়ে মাদ্রাসার নিচতলায় একটি গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে সেই আগুনের সঙ্গে ছাত্রীদের কোনো সংস্পর্শ হয়নি। কি কারণে গ্যাসের রাইজার বিস্ফোরিত হয়েছে, তা ফায়ার সার্ভিস তদন্ত করে দেখছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বিকেলে তিনতলা ভবনের ছাদে পাঁচ ছাত্রী খেলছিল। এ সময় তাদের হাতে কাঁচা আখ ছিল। ছাদের ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চচাপ বৈদ্যুতিক লাইনের স্পর্শে আখ কিংবা অন্য কোনোভাবে স্পার্কের সৃষ্টি হতে পারে। সেই স্পার্কের সঙ্গে ভবনের নিচে থাকা লিক হওয়া গ্যাসের সংযোগ ঘটে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের সময় ছাত্রীরা ছাদের ওপরই অবস্থান করছিল, তারা নিচে পড়ে যায়নি। একই সময়ে ভবনের পাশের গ্যাসের রাইজারটিও বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে বিদ্যুতের স্পার্ক ও গ্যাসের লিকেজ থেকেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহতদের বার্ন ইউনিটে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিস্তারিত পরে জানানো হবে।