রামুতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই বোন রয়েছেন। তারা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। তবে নিহত পুরুষ যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক একটি মামলার কাজে সোমবার সকালে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই পুরুষ যাত্রী মারা যান। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর জানান, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। ট্রাকের সজোর ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বর্তমানে আহত তিনজন কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেন, সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
.png)






