থার্মাল ইমেজারে চোরাকারবার শনাক্ত, মিয়ানমার থেকে আসা ইয়াবার বড় চালান জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসা চার লাখ ২০ হাজার পিস ইয়াবার একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে চোরাকারবারের দৃশ্য শনাক্ত করে এই চালান জব্দ করা হয়। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে কারবারিরা মিয়ানমারে পালিয়ে যান।
রোববার (৪ অক্টোবর) ভোরে ৩৪ বিজিবির তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের নয়াপাড়া এলাকায় এই অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, গত ৩ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়–তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করানো হবে। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলমের নির্দেশনায় তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে বিজিবি সদস্যরা কয়েকজন চোরাকারবারির গতিবিধি দেখতে পান। বিজিবির পাঁচ-ছয়জন ধাওয়া করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে পানির মধ্য দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলো খুলে চার লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ যে কোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
