logo

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ঝরনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ঝরনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিহত মিসকাত। ছবি: এশিয়া পোস্ট

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল ১৫ বছর বয়সি স্কুলছাত্র মিসকাত। দীর্ঘ অনুসন্ধান ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষে নিখোঁজের এক দিন পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে তারা পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনায় গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা পানি থেকে উঠে এলেও মিসকাত আর ওপরে ওঠেনি। পরে বন্ধুরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার বিকেল থেকে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ঝরনার পানিতে মিসকাতের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে তার মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।