চাঁন্দের গাড়ির অতিরিক্ত টায়ারে মিলল ২০ হাজার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে চাঁন্দের গাড়ি থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়িচালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায় একটি ইটভাটার (ব্রিকফিল্ড) সামনে এ অভিযান চালানো হয়।
আটক চালক মো. জাকারিয়া (২৪) নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছেরারকুল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি পুরাতন জিপ গাড়িতে (স্থানীয়ভাবে পরিচিত ‘চাঁন্দের গাড়ি’) করে মাদকদ্রব্য নিয়ে ছেরারকুল হয়ে নাইক্ষ্যংছড়ি বাজারের দিকে যাচ্ছিল একটি চক্র। এ তথ্যের ভিত্তিতে বিছামারা এলাকায় ইটভাটার সামনে সড়কে গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ। পরে গাড়িচালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়।
পরে গাড়িটি তল্লাশি করে পেছনে রাখা অতিরিক্ত টায়ারের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবা ও গাড়িটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। পরে আটক ব্যক্তি ও জব্দ করা আলামতসহ থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।






