logo

তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লা

তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লা
নোংরা পরিবেশে তৈরিকৃত কাঁচাগোল্লা। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন এবং সংরক্ষণের দায়ে দোকান মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) রাতে শহরের লালবাজার এলাকায় প্রাচীন কাঁচাগোল্লার দোকান দ্বারিক ভাণ্ডারে এই অভিযান চালিয়ে আদালতের সামারি ট্রায়াল পরিচালনা করেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম আলী।

দণ্ডপ্রাপ্ত দ্বারিক ভাণ্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু শহরের পালপাড়া বড়গাছা মহল্লার মৃত ননী কুন্ডুর ছেলে। অভিযানে আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয় এবং দ্বারিক ভান্ডারের কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

আদালতের বিচারক নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম আলী জানান, নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার সুনাম রক্ষায় শহরের লালবাজার মহল্লার প্রাচীন মিষ্টির দোকান দ্বারিক ভান্ডারে অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানায় প্রচুর তেলাপোকা, মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্যসহ নানা অনিয়ম সহ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য ধ্বংস এবং কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে এবং প্রায় চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা.তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।