ওজন নিয়ন্ত্রণ স্টেশন /সাড়ে চার বছরেও শেষ হয়নি এক বছরের কাজ, চালুর নীতিমালা জানে না সওজ

গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুগুলো রক্ষায় অতিরিক্ত ওজনের মালামাল বহনকারী যানবাহন নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা কমাতে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল-মুহুরীজোত এলাকায় অ্যাক্সেল লোড কন্ট্রোল স্টেশন অর্থাৎ ওজন নিয়ন্ত্রণ স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছিল সরকার। যার ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা। কথা ছিল কাজটি এক বছরের মধ্যে শেষ হবে। কিন্তু প্রায় সাড়ে চার বছরেও কাজটি শেষ হয়নি।
প্রকল্পের মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও ওজন পরিমাপের স্কেল স্থাপন ও সৌন্দর্যবর্ধনের কাজ এখনও বাকি রয়েছে। কাজের অগ্রগতি ৯৫ শতাংশ দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করলেও, স্টেশনটি চালু হওয়ার পর কোন প্রক্রিয়ায় এবং কারা এটি পরিচালনা করবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পায়নি সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
এদিকে, দীর্ঘদিন ধরে কাজ ঝুলে থাকায় ওজন স্কেলজুড়ে ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। হাতে গোনা কয়েকটি বাতি জ্বললেও বেশিরভাগ এলাকা অন্ধকারে। তবে ওজন স্কেল এলাকায় একজন পাহারাদার থাকলেও প্রায়ই সেখানে মাদকের আসর বসে এমনটাই অভিযোগ স্থানীয়দের।
এছাড়া, প্রায়শই ওজন স্কেল এলাকায় গেলে দেখা মেলে স্থানীয়রা ওজন স্কেলের সড়কসহ আশপাশের এলাকাজুড়ে ধান, গম, মরিচসহ নানা ফসল শুকাচ্ছেন। কেউবা সেখানে বাসা বাড়ির জ্বালানির নানা সামগ্রী রাখছেন। আবার অনেকে কাপড় শুকানোর জন্য ব্যবহার করছেন। তবে তাদের দাবি ওজন স্কেল চালু না হওয়ায় তারা সাময়িক ব্যবহার করছেন।
আছিরুল ইসলাম নামে এক স্থানীয় বলেন, সরকার এত টাকা দিয়ে ওজন স্কেল বানালো। এটা নাকি ট্রাকের ওজন মাপার জন্য। তবে চার বছরের বেশি সময় ধরে কাজ চলছে। ট্রাকেও অতিরিক্ত পণ্য যাচ্ছে দেখাই যায়। কিন্তু কেউ তো কিছু বলে না। তাহলে সরকার কেন এটা করেছে। শুধু শুধু টাকা খরচ।
পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার দশমাইল-মুহুরীজোত এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের যানবাহনের ওজন নিয়ন্ত্রণে অ্যাক্সেল লোড কন্ট্রোল স্টেশন নির্মাণের জন্য ৬ দশমিক ৬৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা চুক্তিমূল্যের এই নির্মাণ কাজ করছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের ১২ আগস্ট এই প্রকল্পের কার্যাদেশ দেওয়া হলেও মাঠপর্যায়ে কাজ শুরু হয় পরের বছর ২০২২ সালের ১৫ এপ্রিল। পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালের ১৫ এপ্রিলের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রথমবার মেয়াদ বাড়ানো হয় এক বছর। পরে আরও দুই দফায় মেয়াদ বাড়ানোর পর সর্বশেষ বর্ধিত মেয়াদ অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৮৫ শতাংশ বিল পেয়েছে বলে সওজ সূত্রে জানা গেছে।
পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আগের ওজন নিয়ন্ত্রণ স্টেশনটি
এদিকে, মহাসড়কে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ২০১৪ সালের শেষের দিকে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগ ৫৫ লাখ টাকা ব্যয়ে একটি ওজন নিয়ন্ত্রণ স্টেশন নির্মাণ করে। ২০১৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এই ওজন নিয়ন্ত্রণ স্টেশনটি উদ্বোধন করেন। উদ্বোধনের মাত্র তিন দিনের মাথায় ওজন পরিমাপক পোর্টেবল ইলেক্ট্রনিক ওয়ে স্কেলটি নষ্ট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। এরপর ১১ বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই ওজন নিয়ন্ত্রণ স্টেশনটি। এতে অতিরিক্ত মালামাল বোঝাই করে লাগামহীনভাবে চলাচল করছে পণ্যবাহী বিভিন্ন যানবাহন। হুমকিতে পড়েছে জাতীয় মহাসড়কসহ জেলার অভ্যন্তরে থাকা সেতুগুলো।
সচেতন মহলের নাগরিক মেহেদী হাসান খান বাবলা বলেন, সরকার অনেক সিদ্ধান্ত নিয়ে কাজটি হাতে নিয়েছে। কিন্তু সুফল কোথায় বছরের বছর কাজ ঝুলছে আর বাড়ছে মেয়াদ ও প্রকল্পের খরচ। সড়কে ট্রাকগুলো অতিরিক্ত বালি ও পাথর নিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ আছে ট্রাফিক বিভাগ আছে কেউ তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?। ওজন স্কেল যদি ওজন নিয়ন্ত্রণে তৈরি করা হয় তাহলে কাজ কেন শেষ হচ্ছে না। সরকারের উচিত দ্রুতই কাজ শেষ করে ব্যবহারের উপযোগী করে তোলা।
কী বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান
স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিনিধি মো. নুরুজ্জামান হক এশিয়া পোস্টকে বলেন, আমাদের অবকাঠামো নির্মাণসহ অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। আমরা এখন শুধু সৌন্দর্য বর্ধনের কাজ করছি। এটা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে আশা করছি। আর ওজন পরিমাপের স্কেল স্থাপনের বিষয়ে নতুন দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ পাবেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জ, খুলনা, রংপুর ও রাজশাহী জোনে অ্যাক্সেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপনের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে পঞ্চগড়ের এই স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। সড়কে অতিরিক্ত ওজনের পণ্যবাহী যানবাহন চলাচলে সড়কের ওপর চাপ বেড়ে গিয়ে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং মেরামত ও রক্ষণাবেক্ষণে সরকারি ব্যয় বেড়ে যায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে যানবাহনের ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে সড়কের স্থায়িত্ব রক্ষা এবং অতিরিক্ত ভার বহনকারী যান শনাক্ত করতে সরকার এই স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে সওজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
স্টেশনটি পরিচালনার বিষয়ে এখনও পরিষ্কার নয় সওজ
তিন দফা মেয়াদ বাড়িয়ে অবকাঠামো নির্মাণকাজ প্রায় শেষ দিকে হলেও এখনও শুরু হয়নি ওজন পরিমাপের স্কেল স্থাপনের কাজ। এমনকি ওজন পরিমাপের স্কেল স্থাপনের পর স্টেশনটি কীভাবে পরিচালিত হবে, কোন সংস্থা বা প্রতিষ্ঠান দায়িত্ব নেবে এবং ওজন নিয়ন্ত্রণের কার্যক্রম কী প্রক্রিয়ায় পরিচালিত হবে এসব বিষয়ে এখনো পরিষ্কার নয় সওজ কর্তৃপক্ষ।
পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী এশিয়া পোস্টকে বলেন, স্টেশনটি নির্মাণ কাজের ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এখন শুধু মাত্র ড্রেন নির্মাণ আর বৈদ্যুতিক বাতি স্থাপনের কাজ চলছে। তবে স্কেল স্থাপনের (মেশিনারি) কাজের জন্য পৃথক দরপত্রের প্রক্রিয়া যাচাই-বাছাই পর্যোায়ে আছে। আগামী ছয়মাসের মধ্যে মেশিনারি (স্কেল) স্থাপন হবে বলে আশা করছি। তবে নির্মাণ কাজ শেষে স্টেশনটি কীভাবে, কোন প্রক্রিয়ায় চলবে তার কোনো নীতিমালা আমরা এখনো পাইনি। স্টেশনটি পুলিশ চালাবে, নাকি আমরা চালাবো, যৌথভাবে চলবে, নাকি আমরা পুলিশের কাছে হস্তান্তর করবো? এসব বিষয়ে আমরা এখনও কোনো নির্দেশনা পাইনি।










