ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ জন আহত

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাতে শহরের এফটিসি মার্কেটের সামনে বাগবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে তা উপজেলা শহরের পুরান থানা রোড, এফটিসি মার্কেটে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বুধবার রাতে দাগনভূঞা বাজারে এফটিসি মার্কেটের সামনে বিএনপির দুটি পক্ষ হঠাৎ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে তারা মার্কেটে ভাঙচুর করে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, সাবেক জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হক মাসুদ, পৌর যুবদল নেতা আরমান, ৮নং জয়লষ্কর ইউনিয়ন ছাত্রদল নেতা এলমান হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিহাদ, সাজ্জাদ নিলয়, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম, পৌর যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, কাজী মোস্তাফিজুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ছুট্ট, মো. তোফায়েল, মো. ইব্রাহিম।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব এ হামলার জন্য জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের কর্মীদের দায়ী করেন। তবে জামশেদুর রহমান ফটিক এই অভিযোগ প্রত্যাখান করে পাল্টা রাজিবের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।
ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব বলেন, আমরা সন্ধ্যায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ জেল থেকে বের হওয়ার পর মার্কেটের সামনে বসে কথা বলছিলাম। এই সময় মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। হামলায় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহীনা আকবরের ছোট ভাই মিল্টন গুরুতর আহত হয়। এছাড়া আমাদের আরও ১০ জনের উপর আহত হয়।
অন্যদিকে, সাবেক ছাত্রনেতা জামশেদুর রহমান ফটিক পাল্টা অভিযোগ করে বলেন, আগের দিন শ্রমিকদল নেতা জসিম উদ্দিনের পক্ষ থেকে আমাদেরকে সামনে বাজারে না আসার হুশিয়ারি দেওয়া হয়। সেই প্রেক্ষিতে তারা আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় ভাই মেঝো ভাই পলাশ গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। এছাড়া আমাদের আরও ৫ জন আহত হয়েছেন।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুনেন্দ্র সাহা বলেন, উপজেলা শহরের ঘটনায় হাসপাতালে ৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মিল্টন ও পলাশ নামের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে রেফার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান এশিয়া পোস্টকে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সেখানে আমিসহ পুলিশ কর্মকর্তারা কাজ করছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বাজারে টহল জোরদার করেছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।










