মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর, কী ছিল এতে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্যপাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেছেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার উপাদান রয়েছে, এমন দুটি সুনির্দিষ্ট মেসেজ পাওয়া গেছে। এসব বার্তার ভিত্তিতেই প্রাথমিক ফৌজদারি মামলা করা হয়েছে।
সুনির্দিষ্ট দুটি বার্তার বিষয়ে তিনি বলেন, একটি বার্তায় আগামী ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাওয়া এবং আগের সরকারকে পুনর্বাসিত করার কথা বলা হয়েছিল। ডিসেম্বর মাসে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয় আরেকটি বার্তায়।
বার্তার বিষয়ে আরও কিছু তথ্য জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান ডিআইজি। তিনি বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। তারপরই জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। ওই দিন তার ব্যক্তিগত এবং দাপ্তরিক মুঠোফোন জব্দ করা হয়। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
ডিআইজি জানান, পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করবে। তদন্তের মাধ্যমে অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


