logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র

হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র
হালুয়াঘাট থানায় আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় দাপ্তরিক নথিপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষ ও পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা পর্যবেক্ষণ করেন। সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।

Advertisement

পরে বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা পুলিশের গঠিত কমিটিতে তিনজন সদস্য রয়েছেন। অপর কমিটিটি গঠন করেছে রেঞ্জ ডিআইজির কার্যালয়। উভয় কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) রাত ১টার দিকে থানার সেরেস্তা কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কক্ষে থাকা গুরুত্বপূর্ণ বেশকিছু দাপ্তরিক ও গোপনীয় নথিপত্র পুড়ে যায়।

হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমান খন্দকার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নথিপত্রের ধরন ও পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খবর পেয়ে সিআইডির একটি দলসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডি আলামত সংগ্রহ করেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।