ফেনীর পুলিশ সুপারকে গোপালগঞ্জে বদলি

যোগদানের পাঁচ মাসের মাথায় বদলি হলেন ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। তাকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় তাকে অন্য জেলায় বদলি করা হলো। প্রত্যুষ কুমার মজুমদার বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

