ঠাকুরগাঁওয়ে একের পর এক আগুন, রাত জেগে গ্রামবাসীর পাহারা

গত প্রায় এক মাস ধরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্কে দিন কাটছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভেলাই মালীভিটা গ্রামের বাসিন্দাদের। ইতোমধ্যে অন্তত ২০টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কখন কার বসতঘর বা রান্নাঘরে আগুন ধরে- এই শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন গ্রামবাসী।
সরেজমিনে দেখা যায়, ভেলাই মালীভিটা গ্রামে সন্ধ্যা নামলেই শুরু হয় মানুষের ছোটাছুটি। হাতে টর্চলাইট, লাঠি ও হাতের কাছে যা কিছু আছে, তা নিয়েই দলবেঁধে গ্রামের বিভিন্ন পাড়া ও বাড়ির আশপাশে পাহারা দিচ্ছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত দুই যুবকের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
মালীভিটা গ্রামের বাসিন্দা কুলসুম আক্তার বলেন, ‘মোর দুইটা বেটা ঢাকাত থাকে। ছয় দিন আগত মোর বাড়িত আগুন ধরিছে। ঘরের জিনিস সব পুড়ে শেষ। চোর চুরি করলে তাও কিছু জিনিস থুয়ে যায়, কিন্তু আগুন লাগিছে সব পুড়ে শেষ। এলা মুই একলায় অসহায় হয়ে পরিছু। যারা আগুন দিছে, তাদের পুলিশ ধরে না। হামরা আগুন ধরালার বিচার চাই।’
শেফালি বেগম বলেন, ‘এক মাস ধরে হামার ঘুম নাই। রাইত হইলে সবাই মিলে পাহারা দেছি। ২০টার মত ঘর পুড়ে শেষ হামার গ্রামখানত। কুন বেলা কার বাড়িত আগুন লাগে, সেই চিন্তায় কেউ কাজ-কামত যায় না। এইভাবে আর কতদিন? প্রশাসন কিছু করে না।’
বাসিন্দা মকবুল হোসেন বলেন, গ্রামের কারও বসতঘর, কারও রান্নাঘর, আবার কারও ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে তাদের। আগুন লাগার পর থেকেই তারা আতঙ্কিত। সন্ধ্যার পর কেউ একা বাড়ির বাইরে যেতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে ভয় আরও বেশি। কখন আবার আগুনের ঘটনা ঘটে, সেই চিন্তায় অনেকেই ঠিকমতো ঘুমাতে পারছেন না। রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।
জয়নুল আবেদীন নামে আরেকজন বলেন, শুধু ক্ষতিগ্রস্ত পরিবার নয়, পুরো গ্রামের মানুষের মধ্যেই এখন এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে। নিজেদের বাড়িঘর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামের বিভিন্ন বয়সী মানুষ। কেউ বাড়ির সামনে পাহারা দিচ্ছেন, আবার কেউ দলবেঁধে ঘুরছেন গ্রামের অলিগলি ও ফাঁকা জায়গায়। এভাবে আর কতদিন চলবে?
স্থানীয় বাসিন্দা মিরাজ বলেন, এভাবে চলতে থাকলে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
আরেক বাসিন্দা জমিরউদ্দীন বলেন, গ্রামের মানুষের কাছে এখন রাত মানেই আতঙ্ক। ঘুমের পরিবর্তে রাতভর চলছে পাহারা। তাদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি আগুন লাগানোর প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। দ্রুত এ আতঙ্কের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান ভেলাই মালীভিটা গ্রামের বাসিন্দারা।
এ বিষয়ে রাণীশংকৈল থানার সার্কেল এসপি আব্দুল হাই সরকার বলেন, রাতোর ইউনিয়নের ভেলাই মালীভিটা গ্রামের সাতটি পরিবারের ২০টি ঘর দুষ্কৃতকারীরা পুড়িয়ে দিয়েছে। এসব ঘটনা সকাল, দুপুর ও রাতে ঘটেছে। বাড়ি পুড়ে যাওয়া ভুক্তভোগীদের একজন রাণীশংকৈল থানায় মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া যাতে আর কোনো বাড়িতে আগুন না লাগে, সে জন্য সেখানে পুলিশের টহল অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।




