logo

চার শতাধিক লগি-বৈঠা জব্দ, আটক ১

চার শতাধিক লগি-বৈঠা জব্দ, আটক ১
কিশোরগঞ্জের কটিয়াদীর ধুলদিয়া এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা লগি-বৈঠা। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ সময় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ধুলদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। পরে জেলা পুলিশের মিডিয়া সেলে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চার শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। এ সময় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি চক্র এসব লগি-বৈঠা মজুত করছিল। তবে এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।