logo

মদ্যপ স্বামী চলে যেতেই স্ত্রীকে ধর্ষণ

মদ্যপ স্বামী চলে যেতেই স্ত্রীকে ধর্ষণ
হালুয়াঘাট থানা। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ্যপান করানোর পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। নিজেদের বাড়িঘর না থাকায় তারা উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে থাকেন। তার স্বামী মাদকাসক্ত।

ঘটনার দিন রোববার (২৭ সেপ্টেম্বর) শাহজাহান ও তার স্বামী স্থানীয় একটি বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যায় দুজন একসঙ্গে ওই নারীর থাকার কক্ষে যান। একপর্যায়ে স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান তাকে ধর্ষণ করেন। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যান।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘শাহজাহান ও ওই নারীর স্বামী দুইজনই মাদকাসক্ত। তারা একসঙ্গে মদ পান করতেন। তাদের কারও স্থায়ী বাড়িঘর নেই। দুজন একসঙ্গে মদ পান করার পর স্বামী অন্যদিকে চলে যাওয়ার সুযোগে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তি পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’