logo

শীতজনিত রোগে আক্রান্ত শিশু বাড়ছে হাসপাতালে

শীতজনিত রোগে আক্রান্ত শিশু বাড়ছে হাসপাতালে
নীলফামারী জেনারেল হাসপাতালে শীতজনিত রোগীদের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

হাসপাতালের ভেতরে নেই জায়গা। শিশু ওয়ার্ডের শয্যাগুলোতে ঠাঁই হয়েছে একাধিক রোগীর। মেঝে ও বারান্দায়ও শুয়ে আছে অসুস্থ শিশুরা। তাতেও সংকুলান না হওয়ায় হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে শিশুদের নিয়ে বসে আছেন স্বজনেরা। কারও কোলে জ্বরে আক্রান্ত শিশুটি, কেউ আবার ডায়রিয়ায় আক্রান্ত সন্তানকে নিয়ে অপেক্ষা করছেন চিকিৎসার। শীতের শুরুতেই এমন চিত্র দেখা দিয়েছে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা রোগ। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা, কিন্তু সেই তুলনায় বাড়েনি হাসপাতালের শয্যা। ফলে চিকিৎসা নিতে এসে একদিকে অসুস্থতার যন্ত্রণা, অন্যদিকে জায়গা না পাওয়ার ভোগান্তিতে পড়ছেন শিশু ও তাদের অভিভাবকেরা।

Advertisement

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায়, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডায়রিয়া ওয়ার্ডে ৪৯ জন এবং শিশু ওয়ার্ডে ৬৮ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শুক্রবার নতুন করে ভর্তি হয়েছে ৭ জন শিশু। শীতের শুরুতেই রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নির্ধারিত শয্যার বাইরে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।

তবে রোগীর চাপের পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও উঠেছে প্রশ্ন। ডায়রিয়া ওয়ার্ডের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে ময়লা-আবর্জনা। কয়েক দিনের জমে থাকা এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, বেড়েছে মশার উপদ্রবও। ডায়রিয়ার মতো সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের ওয়ার্ডে এমন পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনেরা।

ডায়রিয়ায় আক্রান্ত শিশু কানিজ ফাতেমাকে নিয়ে হাসপাতালে এসেছেন তার মা রুমি আক্তার। তিনি এশিয়া পোস্টকে বলেন, শীত আসার পর তার মেয়ে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। গতকাল হাসপাতালে নিয়ে এসেছেন। চিকিৎসা চলছে, কিন্তু কোনো শয্যা পাননি; বাধ্য হয়ে মেঝেতে রেখেই চিকিৎসা নিতে হচ্ছে।

আরেক শিশুর স্বজন কামরুল হাসান বলেন, এত ছোট জায়গায় এত রোগী, এখানে চিকিৎসা নেওয়া সম্ভব? শিশুদের এই ওয়ার্ড একটু বড় করা প্রয়োজন কি না, আপনি বলুন। এখানে চিকিৎসা নিতে এসে তো মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। এখন না থেকে উপায়ও নেই, তাই বাধ্য হয়ে এভাবেই চিকিৎসা নিচ্ছি।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌস বলেন, শীত শুরু হওয়ার পর থেকেই শিশু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন অনেক শিশু চিকিৎসা নিতে আসছে। আমার সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করছি।

শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল বলেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোপনিউমোনিয়া ও ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রকোপ বেড়েছে। পাশাপাশি ডায়রিয়াজনিত অসুস্থতাও বাড়ছে।

তিনি আরও বলেন, শীতের সময়ে শিশুদের সুস্থ রাখতে পরিষ্কার ও নিরাপদ খাবার দিতে হবে। পর্যাপ্ত শীতের পোশাক পরাতে হবে এবং যথাসম্ভব ঘরে নিরাপদে রাখতে হবে। কোনো শিশু অসুস্থ হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের যথাযথভাবে দেখভাল করা হচ্ছে। প্রতিদিন হাসপাতাল পরিষ্কার করা হয়। শীত শুরু হওয়ায় শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ সময়ে অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে।