দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২১ নভেম্বর) ফজরের নামাজের আগে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা দিঘলিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা একের পর এক এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।




