logo

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু-ঘোড়া জব্দ, পালাল চোরাকারবারিরা

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু-ঘোড়া জব্দ, পালাল চোরাকারবারিরা
জব্দকৃত ভারতীয় ঘোড়া। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, ঘোড়া, কয়লা ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) ভোরে জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালায় বিজিবি।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধভাবে আনা চারটি ঘোড়া জব্দ করেন। একই উপজেলার বালিয়াঘাট বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় কয়লা এবং লাউড়েরগড় বিওপির সদস্যরা তিন বস্তা ভারতীয় জিরা জব্দ করেন। এ ছাড়া দোয়ারাবাজার উপজেলার প্যাকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় গরু জব্দ করেন। জব্দ করা ভারতীয় ঘোড়া, গরু ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।

সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, ঘোড়া, কয়লা ও জিরা জব্দ করা সম্ভব হলেও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ঘোড়া আটক এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটক করা গরু ও ঘোড়া এবং জব্দ করা মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।