আদালত চত্বরে হঠাৎ ভারী শব্দ, ছাদ থেকে আছড়ে পড়লেন মহিলা কলেজের ক্যাশিয়ার

বরিশাল আদালত চত্বরে নিত্যদিনের মতোই মানুষের আসা-যাওয়া, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কোলাহল। হঠাৎ করেই ১০ তলা জুডিসিয়াল ভবনের ওপর থেকে নেমে এলো এক শব্দ। ৬ তলা থেকে এক ব্যক্তি বিকট শব্দে নিচে আছড়ে পড়লেন। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়লো আতঙ্ক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন নাজমুল হক (৩০) নামের এক যুবক।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পরে জানা যায়, তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। নিহত নাজমুল বরিশাল নগরীর কাশিপুর হাইস্কুলসংলগ্ন এলাকার এনামুল হকের ছেলে।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিন্তু আদালত প্রাঙ্গণে এসে ঠিক কী ঘটেছিল ৬ তলায়, সরকারি কলেজের ক্যাশিয়ার কেন এসেছিলেন সেখানে, আর কীভাবে ৬ তলা থেকে নিচে পড়ে গেলেন তা এখনও জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তিনি কেন আদালতে এসেছিলেন এবং ৬ তলা থেকে কীভাবে নিচে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।
