logo

জামালপুর রেলস্টেশনে অসুস্থ তরুণের মৃত্যু, মিলছে না পরিচয়

জামালপুর রেলস্টেশনে অসুস্থ তরুণের মৃত্যু, মিলছে না পরিচয়
জামালপুর রেলস্টেশনে অসুস্থ তরুণের মৃত্যুর খবরে তথ্য সংগ্রহের চেষ্টায় পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

জামালপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অজ্ঞাতপরিচয় এক তরুণের মৃত্যু হয়েছে। আনুমানিক ১৮ বছর বয়সি ওই তরুণ গত পাঁচ-ছয় মাস ধরে স্টেশন ও আশপাশের এলাকায় অবস্থান করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৫ নভেম্বর) সকালে প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

রেলওয়ে থানা পুলিশের তথ্য অনুযায়ী, ওই তরুণ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না। স্থানীয়দের কাছে চেয়ে এবং ভিক্ষা করে খাবার সংগ্রহ করতেন। তার ব্যাগে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার কিছু কাগজপত্র পাওয়া গেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও ওই তরুণের পরিচয় জানা যায়নি। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।

জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে ওই তরুণের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।