২৫০ কোটি টাকার ফুল বিক্রির আশা গদখালীর ফুলচাষিদের

একুশে ফেব্রুয়ারি, মহান বিজয় দিবস, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, মহান স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ বছরের এই ছয়টি বিশেষ দিবস ঘিরে ফুল বিক্রির বড় লক্ষ্যমাত্রা নিয়ে ব্যস্ত সময় পার করছেন যশোরের ঝিকরগাছার গদখালীর ফুলচাষিরা।
এসব দিবসে ফুলের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে চলছে জমি প্রস্তুত, বীজতলা তৈরি, চারা রোপণ ও পরিচর্যার কাজ। এবার এসব উৎসব ও দিবস ঘিরে ২০০ থেকে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা।
শীতের আগমনী হাওয়ায় প্রাণ ফিরে পেয়েছে দেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত গদখালী। রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, জারবেরা, টিউলিপ ও হাসনাহেনাসহ নানা জাতের ফুলে সাজছে বিস্তীর্ণ মাঠ। ঝিকরগাছা উপজেলার পানিসারা, নীলকণ্ঠনগর, হাড়িয়া, বর্ণী, চাপাতলা, নারাঙ্গলী, টাউরা, নির্বাসখোলা, শিওরদাহ, বাউসা, গদখালী ও নাভারণ এলাকায় চলছে ফুলচাষিদের কর্মযজ্ঞ। কাঙ্ক্ষিত উৎপাদন ও ভালো দাম পাওয়ার আশায় দিনরাত ফুলের পরিচর্যা করছেন তারা।
ফুলচাষে নতুন সম্ভাবনা তৈরি করেছে বিদেশের বাজারও। এ বছর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে ২৫ হাজার রজনীগন্ধা ও জারবেরা ফুল রপ্তানি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এই রপ্তানি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফুলের পরিচিতি বাড়বে।
পটুয়াপাড়া গ্রামের ফুলচাষি আলী হোসেন বলেন, দেড় বিঘা জমিতে চায়না গোলাপের চাষ করেছেন তিনি। উৎপাদন খরচ বাদ দিয়ে এ বছর আড়াই থেকে তিন লাখ টাকা লাভের আশা করছেন।
ফুলচাষি রেজাউল ইসলাম বলেন, ফুল চাষ করেই তাদের মতো অনেক কৃষকের সংসার চলে। সারা বছরই তারা বিভিন্ন ধরনের ফুলের চাষ করেন। বিশেষ দিন ও উৎসবকে কেন্দ্র করে ফুলের চাহিদা বেড়ে যায়। তখন ভালো দাম পাওয়া গেলে কৃষকের মুখে হাসি ফোটে। তবে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ন্যায্যমূল্য পাওয়া তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম বলেন, ইউরোপের নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে নেদারল্যান্ডসে গ্লাডিওলাস ও জারবেরার ভালো বাজার রয়েছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় মানসম্মত সব ধরনের ফুলের চাহিদা আছে। কিন্তু আমদানি-রপ্তানির ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট নীতিমালা না থাকায় এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।
তিনি বলেন, ফুল রপ্তানিতে প্রণোদনা ও ভ্যাট সুবিধা দিতে হবে। পাশাপাশি উন্নত প্যাকেজিং, ফ্রিজিং ও হিমায়িত পরিবহনের ব্যবস্থা সহজ করতে হবে। চাষিদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করা গেলে ফুলচাষ আরও লাভজনক হবে।
আব্দুর রহিম আরও বলেন, প্লাস্টিকের তৈরি কৃত্রিম ফুল আমদানির কারণে দেশি ফুলের বিক্রি কমে গেছে। পার্শ্ববর্তী দেশ থেকে আসা কৃত্রিম ফুল দেশীয় ফুলের বাজার ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে জাতীয় দিবস ও উৎসবকেন্দ্রিক ফুল বিক্রি ব্যাহত হচ্ছে। তবে এবার একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবস, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস, স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ ঘিরে ২০০ থেকে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশীয় চাষিদের স্বার্থে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিবছর ফুলের মৌসুমে গদখালীতে পর্যটকদের ভিড় বাড়ে। ঝিকরগাছা উপজেলা সদর থেকে যশোর-বেনাপোল মহাসড়ক ধরে গদখালী বাজারের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। সেখান থেকে সহজেই বিভিন্ন গ্রামের ফুলের মাঠে যাওয়া যায়। পরিবার-পরিজন নিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছরই এখানে ছুটে আসেন দেশি-বিদেশি পর্যটকেরা।
এবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা। তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে উপজেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৫৭১ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। মৌসুমের শুরু থেকেই বাজারের চাহিদা ও ভালো দাম পাওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে ফুল উৎপাদনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন চাষিরা। ফুলের জমিতে ছত্রাকসহ বিভিন্ন রোগবালাই দেখা দিলে তা প্রতিরোধে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। বর্তমানে বাজার পরিস্থিতিও অনুকূলে রয়েছে। সব মিলিয়ে, এ মৌসুমে গদখালীর ফুলচাষিরা ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে যথেষ্ট লাভবান হবেন বলে আশা করছেন তিনি।






