
২০০৭ সালের ১৫ নভেম্বর। উপকূলীয় জনপদে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় ঝালকাঠির বিস্তীর্ণ এলাকা। মাটির সঙ্গে মিশে যায় অসংখ্য ঘরবাড়ি, উপড়ে পড়ে গাছপালা, নষ্ট হয় ফসল। প্রাণ হারান মানুষ ও গবাদিপশু। ভেঙে পড়ে যোগাযোগব্যবস্থা। সেই ভয়াবহ রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে।
সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও ঝালকাঠির কাঁঠালিয়া, রাজাপুর, নলছিটি ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দুর্যোগের ক্ষত পুরোপুরি মুছে যায়নি। বিশেষ করে সুগন্ধা ও বিষখালী নদীতীরবর্তী এলাকায় স্থায়ী বেড়িবাঁধের অভাব, নদীভাঙন, ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর দুরবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কাঁঠালিয়া ও রাজাপুরের বিভিন্ন এলাকায় প্রায় ২৬ কিলোমিটার বেড়িবাঁধ এখনো সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি।
২০০৭ সালের ১৫ নভেম্বর সন্ধ্যার পর থেকেই ঝালকাঠির উপকূলীয় এলাকায় বাড়তে থাকে ঝড়ো হাওয়ার তীব্রতা। স্থানীয়দের স্মৃতিচারণ অনুযায়ী, রাত সাড়ে ৭টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শুরু হয় দমকা হাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নেয় ঘূর্ণিঝড়। প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসে ভেঙে পড়ে ঘরবাড়ি, উপড়ে যায় বড় বড় গাছ। নদীর পানি ঢুকে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা।
স্থানীয়দের অনেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও অধিকাংশ মানুষ বাড়িতে অবস্থান করেন। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। কোথাও কোথাও এক থেকে তিন মাস পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতেও দীর্ঘ সময় লাগে।
কাঁঠালিয়ায় ক্ষয়ক্ষতি ছিল বেশি
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে ঝালকাঠির দক্ষিণাঞ্চলের কাঁঠালিয়া উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমুয়া বন্দরসহ উপজেলার বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, গাছপালা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। জলোচ্ছ্বাসে ভেসে যায় গবাদিপশু ও হাঁস-মুরগি। ধ্বংস হয় বহু মানুষের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা বসতভিটা। স্থানীয়দের দাবি, সিডরের সময় কাঁঠালিয়ার ওপর দিয়ে ১৫ থেকে ১৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস বয়ে যায়। এতে বিষখালী নদীর প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়।
তাদের অভিযোগ, ১৯ বছর পেরিয়ে গেলেও ওই বাঁধের স্থায়ী পুনর্নির্মাণ হয়নি। পর্যাপ্ত বেড়িবাঁধ না থাকায় নদীর পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়।

সিডরে বেড়িবাঁধ ভেঙে কাঁঠালিয়া উপজেলার পাঁচটি এবং রাজাপুর উপজেলার দুটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে স্থানীয়রা জানান। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলাও ক্ষতির মুখে পড়ে।
নদীতীরবর্তী বাসিন্দাদের অভিযোগ, বেড়িবাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারেই তলিয়ে যায় ফসলের ক্ষেত। দুর্যোগের সময় পানি ঢুকে পড়ে বসতঘরেও। ফসলের জমি, বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় পানি ওঠে। এতে কৃষকের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।
নিম্নচাপের খবরেই আতঙ্কিত নদীতীরের মানুষ
বিষখালী নদীতীরবর্তী কাঁঠালিয়া ও রাজাপুরের মানুষের কাছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখনো আতঙ্কের কারণ। আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিলেই অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখে। কেউ আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন, কেউবা আত্মীয়স্বজনের বাড়িতে নিরাপদ আশ্রয়ের কথা ভাবেন।
বিষখালী নদীতীরের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, ‘সিডর আমাদের অনেক ক্ষতি করেছে। আমাকে একেবারে পথে বসিয়েছিল। আজও ভুলতে পারিনি সেই রাতের কথা। আমরা এখনো নদীভাঙনের কবলে আছি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ চাই।’
বারইকরণ এলাকার বাসিন্দা আব্দুল মতিন মিয়া জানান, সিডরে তাদের এলাকার বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর স্থায়ীভাবে আর নির্মাণ করা হয়নি। একবার সাময়িকভাবে মেরামত করা হলেও প্রাকৃতিক দুর্যোগে তা আবার ভেঙে যায়। স্বাভাবিক জোয়ারেও ফসলের ক্ষেত তলিয়ে যায়। বন্যার সময় মানুষের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, এতিমখানা ও মসজিদে পানি ওঠে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
নদীতীরের বাসিন্দা আব্দুর রহমান বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় তাদের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, পুরোনো খেয়াঘাট ও প্রায় ৫০০ একর জমি ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।
একই এলাকার বাসিন্দা শেফালী বেগম বলেন, ঘরবাড়িতে পানি উঠে যায়। বাঁধ ভাঙা থাকায় অনেক স্থানে চলাচলও কঠিন হয়ে পড়েছে। কোথাও কোথাও বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করতে হয়। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হলে তাদের জীবন অনেকটা নিরাপদ হবে।
সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলীয় এলাকার মানুষের প্রধান দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কার। পাশাপাশি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, দুর্যোগকালীন যোগাযোগব্যবস্থা এবং আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ চান তারা। শুধু সাময়িক মেরামত কিংবা জরুরি ত্রাণ নয়, উপকূলীয় জনপদকে দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই অবকাঠামো প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।
এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, নদীভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প চলমান রয়েছে।

