সোনাক্ষীর অশ্লীল ছবি ছড়িয়ে গ্রেপ্তার, আইনি ত্রুটিতে মুক্তি পেলেন অভিযুক্ত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তারের ক্ষেত্রে আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় শেষ পর্যন্ত তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। গত শনিবার (১৪ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রা আদালতে হাজির করার পর ওই ব্যক্তির গ্রেপ্তারকে অবৈধ বলে ঘোষণা করেন ম্যাজিস্ট্রেট।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন সোনাক্ষী। তার অভিযোগ, দিল্লির এক ব্যক্তি সামাজিক মাধ্যমে তার বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আরিয়ান দীপক জৈন নামের এক ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ।
শনিবার সকাল ১০টা ১১ মিনিটে দিল্লির শাহদারা এলাকার জগৎপুরী থানাসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিমানে করে মুম্বাইয়ে নিয়ে বান্দ্রা আদালতে হাজির করে পুলিশ। এ সময় অভিযুক্তকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী দল।
পুলিশের দাবি, সোনাক্ষীর আপত্তিকর ছবি তৈরিতে কোন ইলেকট্রনিক যন্ত্র বা মাধ্যম ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করা প্রয়োজন। এ ছাড়া ছবিগুলো কীভাবে তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।
তবে পুলিশের এই আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাদের দাবি, গ্রেপ্তারের আগে প্রয়োজনীয় আইনি নোটিশ দেওয়া হয়নি। এমনকি কী কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, সেটিও যথাযথভাবে জানানো হয়নি। দিল্লি থেকে মুম্বাইয়ে আনার আগে তাকে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের আদালতেও হাজির করা হয়নি।
আইনজীবীরা আরও অভিযোগ করেন, একজন পরিচিত অভিনেত্রীর অভিযোগের পর পুলিশ তাড়াহুড়ো করে গ্রেপ্তারের পদক্ষেপ নিয়েছে। তাদের দাবি, অভিযুক্ত কোনো অপরাধ করেননি এবং তার বিরুদ্ধে প্রয়োগ করা আইনি ধারাগুলোও অভিযোগের সঙ্গে যথাযথভাবে প্রযোজ্য নয়।
শুনানিতে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে পুলিশের কাছে ব্যাখ্যা চান ম্যাজিস্ট্রেট। আদালত পর্যবেক্ষণে জানায়, দিল্লি থেকে গ্রেপ্তারের পর অভিযুক্তকে সরাসরি মুম্বাইয়ে আনা হয়েছে। অথচ নিয়ম অনুযায়ী, এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আগে তাকে নিকটবর্তী স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার প্রয়োজন ছিল। এ প্রক্রিয়া অনুসরণ না করার পেছনে তদন্তকারী সংস্থা সন্তোষজনক কোনো ব্যাখ্যাও দিতে পারেনি।
এ ছাড়া সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এমন অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা এবং তার কারণ নথিভুক্ত করার আইনি বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরেন ম্যাজিস্ট্রেট। ভারতের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৫(১)(বি) ধারায় এ ধরনের গ্রেপ্তারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সুরক্ষাব্যবস্থা অনুসরণের কথা বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তকে গ্রেপ্তারের ক্ষেত্রে এসব বিধান যথাযথভাবে মানা হয়েছে, এমন প্রমাণ পুলিশের নথিতে পাওয়া যায়নি।
আদালত আরও জানায়, তদন্তের প্রয়োজনে কাউকে গ্রেপ্তার বা হেফাজতে রাখার বিষয়টি এক নয়। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকলেই আইন নির্ধারিত প্রক্রিয়া উপেক্ষা করে কাউকে আটক রাখা যায় না।
এসব পর্যবেক্ষণের ভিত্তিতে পুলিশের তিন দিনের হেফাজতের আবেদন নাকচ করেন ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে আরিয়ান দীপক জৈনের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তির নির্দেশ দেন।
তবে আদালতের এ সিদ্ধান্তে সোনাক্ষীর করা অভিযোগের নিষ্পত্তি হয়নি। তার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার তদন্ত চলমান রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে