logo

‘তুই ফ্যাসিস্ট’, জয় চৌধুরীকে হেলাল খানের ধমক

‘তুই ফ্যাসিস্ট’, জয় চৌধুরীকে হেলাল খানের ধমক
বাগ্‌বিতণ্ডা চলাকালে হেলাল খান ও জয় চৌধুরী।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেননি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে ‘তুই ফ্যাসিস্ট’ বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে এফডিসিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসির প্রধান ফটকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।

কর্মসূচি শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয়ের সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। জয় বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলেও হেলালের ক্ষোভ কমেনি। সেখানে কয়েকজনকে বসে থাকতে দেখেও তাদের উদ্দেশে বিরূপ মন্তব্য করেন তিনি।

হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

এদিকে ঘটনার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জয় চৌধুরী। তার ভাষ্য, শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিরা ছিলেন ডি এ তায়েবের ভক্ত। তায়েবের আসতে দেরি হওয়ায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্যও তারা এসেছিলেন।

জয় চৌধুরী বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। তায়েব ভাই নিজেও জানেন না, এই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই তিনি রাগ করেছেন।’

এর আগে বিকেলে এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে।

এফডিসিতে উপস্থিত থেকেও জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্যের কর্মসূচিতে অংশ না নেওয়াকে কেন্দ্র করেই হেলাল খানের সঙ্গে জয়ের এই বাগ্‌বিতণ্ডার সূত্রপাত।