নিজের জন্য জামদানি কেনেন না প্রভা, পরেন মায়ের শাড়ি

শাড়ির সঙ্গে নারীর আবেগের সম্পর্কটা বরাবরই আলাদা। বিশেষ করে মায়ের আলমারিতে যত্ন করে তুলে রাখা শাড়ির প্রতি থাকে অন্য রকম টান। কখনো স্মৃতি, কখনো ভালোবাসা, আবার কখনো মায়ের সাজের অংশীদার হওয়ার আনন্দ। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার কাছেও জামদানি পরার সঙ্গে জড়িয়ে আছে এমনই এক গল্প। নিজের জন্য জামদানি না কিনে মায়ের শাড়ির সংগ্রহ থেকেই পছন্দের শাড়িটি বেছে নেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় প্রভা। কাজের বাইরেও নিজের সাজপোশাক, ব্যক্তিগত ভাবনা ও দৈনন্দিন নানা মুহূর্তের ছবি-ভিডিও ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। সম্প্রতি মায়ের শাড়ি পরার অভ্যাসের কথা জানিয়ে এমনই একটি ব্যক্তিগত গল্প শেয়ার করেছেন এই অভিনেত্রী।
প্রভা জানান, জামদানি পরার ইচ্ছা হলে সাধারণত নিজের জন্য শাড়ি কেনেন না। বরং মায়ের সংগ্রহে থাকা শাড়িগুলোর মধ্য থেকে পছন্দমতো একটি বেছে নেন। সম্প্রতি পরা একটি জামদানি শাড়ির ছবির সঙ্গে নিজের এই অভ্যাসের কথাও তুলে ধরেন তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’
শুধু মায়ের শাড়ির প্রতি ভালোবাসাই নয়, এর পেছনে রয়েছে বেশ বাস্তব একটি কারণও। নিজের আয়ের সঙ্গে মায়ের আয়ের তুলনা টেনে মজার ছলে প্রভা জানান, এভাবে জামদানি পরলে নতুন শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়।
তার ভাষায়, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’
প্রভার এই কথায় যেমন রয়েছে মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ, তেমনি আছে নিজের অভ্যাস নিয়ে সরল রসিকতাও। দামি শাড়ির প্রতি আগ্রহ থাকলেও নতুন করে কেনার বদলে মায়ের সংগ্রহে থাকা শাড়ি পরেই নিজের শখ পূরণ করেন তিনি। আর তাতেই জামদানির সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয় মায়ের স্মৃতির এক আলাদা আবেশ।