দুই দশক পূর্তিতে মঞ্চে ফিরছে অর্ণবের ‘হোক কলরব’

প্রকাশের পর দুই দশক পেরিয়ে গেছে। তবু শ্রোতাদের কাছে আবেদন হারায়নি শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’। সময়ের সঙ্গে অ্যালবামটির গান হয়ে উঠেছে এক প্রজন্মের স্মৃতির অংশ। এবার অ্যালবাম প্রকাশের ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় বিশেষ কনসার্টে গান শোনাবেন অর্ণব।
আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে এই আয়োজন। কনসার্টে ‘হোক কলরব’, ‘তোমার জন্য’সহ নিজের জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করবেন তিনি। অর্ণবের সঙ্গে একই মঞ্চে থাকবেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক।
২০০৬ সালে প্রকাশিত ‘হোক কলরব’ অ্যালবামটি সে সময় শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। বিশেষ করে অ্যালবামের শিরোনাম গানটি ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। প্রয়াত রাজীব আশরাফের লেখা গানটি পরবর্তী সময়ে সংগীতের গণ্ডি পেরিয়ে প্রতিবাদের ভাষা হিসেবেও পরিচিতি পায়।
২০১৪ সালে ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম স্লোগান হয়ে উঠেছিল ‘হোক কলরব’। শিক্ষার্থীদের মুখে মুখে ছড়িয়ে পড়া এই শব্দবন্ধ গানটির জনপ্রিয়তায় যোগ করে ভিন্ন মাত্রা।
অ্যালবামটির দুই দশক পূর্তির এই কনসার্টের আয়োজন করছে টোয়েন্টিজ কমিউনিকেশন্স। অনুষ্ঠানটি উপস্থাপনা করছে সেন্স ইট। গত শুক্রবার থেকেই শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।
প্রকাশের ২০ বছর পর আবারও ‘হোক কলরব’-এর গানগুলো সরাসরি শোনার সুযোগ তৈরি হচ্ছে। অর্ণবের পুরোনো গানের ভক্তদের কাছে তাই এই কনসার্ট কেবল একটি সংগীত আয়োজন নয়, বরং ফিরে দেখারও উপলক্ষ হয়ে উঠতে পারে।