logo

বারী সিদ্দিকীর জন্মদিন আজ, স্মরণানুষ্ঠান ১৮ নভেম্বর

বারী সিদ্দিকীর জন্মদিন আজ, স্মরণানুষ্ঠান ১৮ নভেম্বর
বারী সিদ্দিকী। ছবি: অল টাইম নিউজ

বাংলার লোকজ সুরকে নিজের কণ্ঠে এক অনন্য মাত্রা দিয়েছিলেন সংগীতশিল্পী বারী সিদ্দিকী। তার দরদভরা কণ্ঠ আর বাঁশির সুরে মুগ্ধ হয়েছেন অসংখ্য শ্রোতা। ‘শুয়া চান পাখি’ কিংবা ‘আমার গায়ে যত দুঃখ সয়’- তার গাওয়া গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে। সেই নন্দিত শিল্পীর জন্মদিন আজ (১৫ নভেম্বর)।

জন্মদিন উপলক্ষে আজ বিশেষ কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি। তবে তাকে স্মরণ করতে আগামী ১৮ নভেম্বর রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ স্মরণানুষ্ঠান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের। উদ্বোধন করবেন সমাজসেবক ও সংগীতানুরাগী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান।

আয়োজকরা জানান, বারী সিদ্দিকী তার দরদভরা কণ্ঠ, অসাধারণ বাঁশিবাদন এবং লোকসংগীতের স্বতন্ত্র পরিবেশনার মধ্য দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন। নতুন প্রজন্মের কাছে তার সংগীতজীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

স্মরণানুষ্ঠানে থাকবে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা পর্ব। পাশাপাশি পরিবেশিত হবে সংগীত। এতে অংশ নেওয়ার কথা রয়েছে শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, পথিক নবী, নোলক বাবু, সালমা ও বিউটিসহ দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ফিরোজ হায়দার খান।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। পরিবারের কাছেই সংগীতে হাতেখড়ি তার। পরে স্থানীয় সংগীতগুরু গোপাল দত্তের কাছে তালিম নেন। সংগীতের চর্চায় পরবর্তী সময়ে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান ও পান্নালাল ঘোষের মতো গুণী শিল্পীদের সান্নিধ্য পেয়েছেন তিনি।

তবে সংগীতাঙ্গনে তার পরিচিতি ও জনপ্রিয়তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ। তার উৎসাহেই আনুষ্ঠানিকভাবে গানে আসেন বারী সিদ্দিকী। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় সাতটি গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে ‘শুয়া চান পাখি’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

এরপর একের পর এক অডিও অ্যালবাম প্রকাশের পাশাপাশি চলচ্চিত্রেও গান করেছেন এই শিল্পী। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘মনের দুঃখ মনে রইলো রে’, ‘পূবালী বাতাসে’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা’, ‘আমি একটা জিন্দা লাশ’ ও ‘আমার গায়ে যত দুঃখ সয়’।

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর ২০১৭ সালের ২৪ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন বারী সিদ্দিকী। শারীরিকভাবে না থাকলেও তার গান ও বাঁশির সুরে আজও বেঁচে আছেন এই শিল্পী।