স্তন ক্যানসার বুঝবেন কীভাবে? সতর্ক হন ৬ লক্ষণে
-4f40d6-720x405.webp)
স্তন ক্যানসারের কথা শুনলে অনেকের প্রথমেই ধরে নেন, স্তনে গাঁট বা চাকা তৈরি হওয়াই এই রোগের প্রধান লক্ষণ। তাই নিজের স্তনে কোনো গাঁট খুঁজে না পেলে অনেকে নিশ্চিন্ত থাকেন। তবে বাস্তবতা হলো, স্তনে গাঁট বা চাকা ছাড়াও কিছু অস্বাভাবিক পরিবর্তন স্তন ক্যানসারের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।
যুক্তরাষ্ট্রের ক্যানসার চিকিৎসা প্রতিষ্ঠান ক্যানসার ট্রিটমেন্ট সেন্টারস অব আমেরিকার তথ্য মতে, স্তনের বোঁটার পরিবর্তন, অস্বাভাবিক তরল বা রক্ত বের হওয়া, ত্বকে গর্তের মতো দাগ, দীর্ঘস্থায়ী ক্ষত, বগলের লসিকাগ্রন্থি ফুলে যাওয়া এবং স্তনে ব্যথার মতো উপসর্গও গুরুত্ব দিয়ে দেখা জরুরি।
তবে এসব লক্ষণ দেখা দিলেই স্তন ক্যানসার হয়েছে, বিষয়টা এমন না। সংক্রমণ, হরমোনের পরিবর্তন এবং অন্যান্য নিরীহ সমস্যার কারণেও স্তনে এ ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
স্তনে গাঁট ছাড়াও স্তন ক্যানসারের ৬ লক্ষণ
স্তনের বোঁটার আকার বা অবস্থানের পরিবর্তন
স্তনের বোঁটা আগে স্বাভাবিক অবস্থায় থাকলেও হঠাৎ ভেতরের দিকে ঢুকে গেলে বা এর আকৃতি বদলে গেলে সতর্ক হওয়া প্রয়োজন। বোঁটার চারপাশের ত্বকে পরিবর্তন কিংবা অস্বাভাবিক খসখসে ভাবও দেখা দিতে পারে।
আনেকের ক্ষেত্রে জন্ম থেকেই স্তনের বোঁটা ভেতরের দিকে থাকতে পারে। সেটি সাধারণত আলাদা বিষয়। কিন্তু আগে স্বাভাবিক থাকা বোঁটা নতুন করে ভেতরে ঢুকে গেলে বা এক পাশের বোঁটায় হঠাৎ পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
স্তনের বোঁটা দিয়ে রক্ত বা অস্বাভাবিক তরল বের হওয়া
গর্ভাবস্থা ও সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় স্তন থেকে তরল বের হওয়া স্বাভাবিক হতে পারে। কিন্তু এসব পরিস্থিতির বাইরে স্তনের বোঁটা দিয়ে অস্বাভাবিক তরল বের হলে বিষয়টি খেয়াল করা দরকার।
বিশেষ করে বোঁটা দিয়ে রক্ত বের হওয়া, এক পাশের স্তন থেকে নিজে থেকেই তরল ঝরা কিংবা বারবার একই সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যান। সব ক্ষেত্রেই এর কারণ ক্যানসার নয়, তবে পরীক্ষা করে কারণ জানা জরুরি।
স্তনের আশেপাশে ত্বকে গর্ত বা কমলার খোসার মতো (strawberry skin) পরিবর্তন
স্তনের ত্বক কোথাও ভেতরের দিকে ঢুকে যাওয়া, কুঁচকে যাওয়া বা ছোট ছোট গর্তের মতো দেখালে সেটি অস্বাভাবিক পরিবর্তন হতে পারে। কখনো ত্বক কমলার খোসার মতো মোটা ও অমসৃণ হয়ে যায়।
এ ধরনের পরিবর্তন বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন, কারণ কিছু ক্ষেত্রে এটি প্রদাহজনিত স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে। এই ধরনের ক্যানসারে সব সময় স্পষ্ট গাঁট পাওয়া যায় না।
স্তনের ত্বকে হঠাৎ লালচে ভাব, ফোলা, উষ্ণতা বা দ্রুত আকার বদলে যাওয়ার মতো পরিবর্তন দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
স্তনে ক্ষত, লালচে ভাব বা খসখসে ত্বক
স্তনের বোঁটা বা আশপাশের ত্বকে দীর্ঘদিন ধরে ক্ষত থাকলে, ত্বক লাল হয়ে গেলে কিংবা খোসা উঠতে থাকলে সেটি অবহেলা করা উচিত নয়। বিশেষ করে ক্ষত সহজে না শুকালে বা বারবার একই জায়গায় সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
কিছু বিরল ক্ষেত্রে স্তনের বোঁটায় দীর্ঘস্থায়ী একজিমার মতো পরিবর্তন পেজেট রোগের লক্ষণ হতে পারে। তবে সাধারণ ত্বকের রোগেও একই ধরনের সমস্যা দেখা যায়। তাই শুধু দেখে রোগ নির্ণয় করা সম্ভব নয়।
বগলে বা কলারবোনের কাছে ফোলাভাব
স্তন ক্যানসার কখনো কাছাকাছি থাকা লসিকাগ্রন্থিতে ছড়িয়ে পড়তে পারে। তখন বগলে বা কলারবোনের আশপাশে ফোলা কিংবা গাঁটের মতো কিছু অনুভূত হতে পারে। কখনো স্তনের মূল টিউমারটি হাত দিয়ে বোঝার মতো বড় হওয়ার আগেই এমন পরিবর্তন দেখা দিতে পারে।
তবে বগলে ফোলার সাধারণ কারণের মধ্যে সংক্রমণ ও অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে। নতুন ফোলা দেখা দিলে, সেটি না কমলে বা ক্রমে বড় হলে চিকিৎসকের পরামর্শ নিন।
স্তনে বা স্তনের বোঁটায় অস্বাভাবিক ব্যথা
মাসিকের আগে বা হরমোনের পরিবর্তনের কারণে স্তনে ব্যথা বা ভারী অনুভূতি হওয়া অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক। কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন ব্যথা থাকা, ব্যথার সঙ্গে ত্বকের পরিবর্তন দেখা দেওয়া কিংবা স্তনের বোঁটায় অস্বাভাবিক অস্বস্তি হলে তা পরীক্ষা করানো উচিত।
শুধু স্তনে ব্যথা হওয়া সাধারণত স্তন ক্যানসারের প্রধান লক্ষণ নয়। তবে ব্যথার সঙ্গে ফোলা, ত্বকে গর্ত, বোঁটার পরিবর্তন বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।
স্তনে এসব পরিবর্তন দেখলে কী করবেন?
প্রথমেই আতঙ্কিত হবেন না। স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলেই ক্যানসার হয়েছে, এমন নয়। তবে নিজের মতো করে রোগ নির্ণয় করা বা দীর্ঘদিন অপেক্ষা করাও ঠিক নয়। কয়েকটি বিষয় মনে রাখুন-
- স্তনের স্বাভাবিক আকার, গঠন ও ত্বকের সঙ্গে পরিচিত থাকুন, যাতে নতুন পরিবর্তন চোখে পড়ে।
- নতুন গাঁট, ত্বকের পরিবর্তন, বোঁটা দিয়ে রক্ত বা অস্বাভাবিক তরল বের হলে চিকিৎসকের পরামর্শ নিন।
- স্তনে পরিবর্তন থাকলে শুধু ব্যথা আছে কি না, তার ওপর নির্ভর করবেন না।
- চিকিৎসক প্রয়োজন অনুযায়ী শারীরিক পরীক্ষা, আলট্রাসনোগ্রাম, ম্যামোগ্রাম বা বায়োপসির পরামর্শ দিতে পারেন।
- কোনো উপসর্গ না থাকলেও বয়স ও ব্যক্তিগত ঝুঁকি অনুযায়ী স্তন ক্যানসার স্ক্রিনিং করানো গুরুত্বপূর্ণ।
- স্তনের কোনো পরিবর্তন দ্রুত বাড়তে থাকলে, বিশেষ করে স্তন লাল হয়ে ফুলে গেলে বা ত্বক দ্রুত বদলে গেলে, দ্রুত চিকিৎসা নিন।
স্তন ক্যানসার কি গাঁট ছাড়াও শনাক্ত করা যায়?
হ্যাঁ। স্তন ক্যানসারের কিছু লক্ষণ গাঁট ছাড়াও দেখা দিতে পারে। আবার প্রাথমিক পর্যায়ের ক্যানসারে কোনো লক্ষণ নাও থাকতে পারে। এ কারণেই উপযুক্ত বয়সে এবং ব্যক্তিগত ঝুঁকি অনুযায়ী স্ক্রিনিং গুরুত্বপূর্ণ।
ম্যামোগ্রাম স্তনের এমন কিছু অস্বাভাবিকতা শনাক্ত করতে পারে, যা হাত দিয়ে বোঝা যায় না। তবে ম্যামোগ্রাম করানো থাকলেও নতুন কোনো পরিবর্তন দেখা দিলে চিকিৎসককে জানানো প্রয়োজন।
কোন পরীক্ষা দরকার, তা বয়স, উপসর্গ, পারিবারিক ইতিহাস এবং চিকিৎসকের মূল্যায়নের ওপর নির্ভর করে।
স্তন ক্যানসার সম্পর্কে সচেতন থাকার অর্থ শুধু গাঁট খুঁজে দেখা নয়। স্তনের বোঁটা, ত্বক, আকার কিংবা বগলের আশপাশে নতুন পরিবর্তন দেখা দিলেও গুরুত্ব দিতে হবে। এসব পরিবর্তনের অনেকগুলোর কারণ ক্যানসার নয়, কিন্তু পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
তাই অস্বাভাবিক পরিবর্তন দেখলে লজ্জা বা ভয় না পেয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। দ্রুত সঠিক কারণ শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পথও সহজ হয়।
তথ্যসূত্র
Cancer Treatment Centers of America: 6 Signs of Breast Cancer That Aren't a Lump
American Cancer Society: Signs and Symptoms of Breast Cancer
National Cancer Institute: Breast Cancer Symptoms
Centers for Disease Control and Prevention: Symptoms of Breast Cancer
