হজযাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম

আগামী ২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনায় নতুন বিধিমালা ও শ্রেণিবিন্যাসের মানদণ্ড অনুমোদন করেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত আবাসিক স্থাপনাগুলোর বিভিন্ন অনিয়ম ও লঙ্ঘনের একটি তালিকাও অনুমোদন করেছে মন্ত্রণালয়।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমে আবাসন পরিচালনা, লাইসেন্স ও মান নির্ধারণসংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর লক্ষ্য হলো হজযাত্রীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত মানের আবাসন নিশ্চিত করা।
মন্ত্রণালয়ের মুখপাত্র নাসর আল-আনসারি বলেন, নতুন বিধিমালার মাধ্যমে আবাসন খাতের নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের গ্রহণের আগে আবাসন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি ও নির্ধারিত মানদণ্ড পূরণের বিষয়টি নিশ্চিত করাই এ পরিবর্তনের অন্যতম লক্ষ্য।
নতুন মানদণ্ড অনুযায়ী, আবাসন প্রতিষ্ঠানের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সেবা এবং পরিচালন সক্ষমতা যাচাই করা হবে। হজের আবাসনগুলোকে ‘ইকোনমি’ ও ‘ফার্স্ট ক্লাস’—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রতিটি শ্রেণির জন্য আলাদা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
নতুন বিধিমালায় আবাসন প্রতিষ্ঠানের সাধারণ ব্যবহার্য স্থান, অতিথিকক্ষ, অভ্যর্থনা কেন্দ্র, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও অতিথিসেবার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আবাসন প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন ও তদারকির জন্য একাধিক ধাপ রাখা হয়েছে। এর মধ্যে লাইসেন্স দেওয়ার আগে, কার্যক্রম শুরুর আগে এবং কার্যক্রম চলাকালে নিয়মিত পরিদর্শন থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক ধাপে পরিচালিত এই পরিদর্শন ব্যবস্থার মাধ্যমে হজযাত্রীদের আবাসনসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নিয়ম মেনে চলা আরও জোরদার হবে এবং সেবার মান বাড়বে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের আতিথেয়তা দেওয়া সৌদি আরবের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য। এ দায়িত্বকে তারা যৌথ জাতীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করে। নতুন মানদণ্ডের মাধ্যমে হজযাত্রীদের জন্য আরও নিরাপদ ও মানসম্মত আতিথেয়তা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এরমধ্য দিয়ে হজযাত্রীদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারও প্রতিফলিত হবে।
২০২৭ সালের হজ মৌসুমে লাইসেন্স নিতে আগ্রহী আবাসনসেবা পরিচালনাকারীদের নতুন শর্ত পূরণের প্রস্তুতি দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় সব রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতিমূলক কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে।



