logo

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
হাইকোর্ট। ছবি: এশিয়া পোস্ট

২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে ৭ অক্টোবর দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়।

রিট আবেদনে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু রাখার বিষয়টি তুলে ধরা হয়েছিল। রিটকারীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করেছিল তৎকালীন সরকার।

তবে পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারের এ সিদ্ধান্ত ঘোষণার পর ভর্তি পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হয় বলে রিটকারীর আইনজীবী জানান। তার দাবি, শিক্ষাবিদদের একটি অংশ মনে করছেন, ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কার্যকর হলে শিশুদের মধ্যে প্রতিযোগিতার চাপ বাড়বে এবং কোচিং বাণিজ্যের বিস্তার ঘটতে পারে।