ধর্ষণ মামলায় শিবির নেতা জিসানের দুই দিন রিমান্ড

কুমিল্লায় এক বিধবা নারীর করা ধর্ষণ মামলায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহম্মেদ প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জিসান আহম্মেদকে আদালতে হাজির করে। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদ শেষে আগামী তিন দিনের মধ্যে তাকে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেন।
এর আগে গত ১২ জুন রাতে ভুক্তভোগী ওই নারী দাউদকান্দি মডেল থানায় জিসান আহম্মেদকে প্রধান আসামি করে একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ওই মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে। মামলায় ওই নারীকে একাধিকবার ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগ আনা হয়।
পারিবারিক সূত্রের দাবি, কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার পর ওই দিনই কুমিল্লার রেলওয়ে জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় জিসান আহম্মেদকে উদ্ধার করা হয়। রাতেই তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিসান আহম্মেদকে ওই নারীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। মেডিকেল বোর্ডের প্রতিবেদনে সুস্থ ঘোষণার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আদালতে হাজির করলে আদালত প্রথমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।







