সিলেটে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কয়েকটি এলাকা, বন্যার পূর্বাভাস

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেটে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কয়েকটি এলাকা, বন্যার পূর্বাভাস
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছেন। ইতোমধ্যে সাদাপাথর, জাফলংসহ কয়েকটি পর্যটন এলাকা তলিয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাদাপাথর ও বিছনাকান্দি এলাকায় আপাতত পর্যটক সমাগম বন্ধ করা হয়েছে।

Advertisement

রোববার (২১ জুন) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া এশিয়া পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত থেকে পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সাদাপাথর ও বিছনাকান্দি পর্যটন এলাকায় আপাতত পর্যটক সমাগম বন্ধ করা হয়েছে।

এদিকে পাহাড়ি ঢলের পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকায় সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই, সারিসহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এই কারণে আকস্মিক বন্যার শঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জেলার কোনো নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। তবে সুরমা, কুশিয়ারা, গোয়াইন ও পিয়াইন নদীর কয়েকটি পয়েন্টে পানির সমতল বাড়ছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট।

একই নদীর সিলেট পয়েন্টে পানির সমতল ছিল ৯ দশমিক ৩০ মিটার। সেখানে বিপদসীমা ১০ দশমিক ৮০ মিটার। ফলে পানি এখনও বিপদসীমার দেড় মিটারের মতো নিচে রয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কানাইঘাট এলাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা জেলার পর্যবেক্ষণাধীন পয়েন্টগুলোর মধ্যে সর্বোচ্চ। সিলেট শহর এলাকায় একই সময়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার।

কুশিয়ারা নদীর পরিস্থিতি মিশ্র। শেওলা পয়েন্টে পানি বেড়েছে। অন্যদিকে কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি কিছুটা কমেছে। দুটি পয়েন্টেই পানি বিপদসীমার নিচে রয়েছে।

সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, উজান থেকে নেমে আসা ঢল এবং স্থানীয় বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমা ও কুশিয়ারার কয়েকটি পয়েন্টে পানির সমতল আরও বাড়তে পারে। এ কারণে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে।

বিষয় :সিলেট