Advertisement

যে খাবারগুলো ফ্রিজে রাখলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

এশিয়া পোস্ট ডেস্ক
যে খাবারগুলো ফ্রিজে রাখলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি
ছবি : সংগৃহীত

ফ্রিজে রাখলেই সব খাবার ভালো থাকে এমন ধারণা অনেকের মধ্যেই আছে। কিন্তু বাস্তবে সব খাবারের জন্য ফ্রিজ উপযুক্ত নয়। কিছু খাবার আছে যেগুলো ঠান্ডা তাপমাত্রায় রাখলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, স্বাদ বদলে যায় এবং দীর্ঘ সময় পরে তা শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে।

আমাদের অনেকেরই অভ্যাস হলো বাজার থেকে আনা সবকিছুই সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দেওয়া। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলো ফ্রিজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করাই সবচেয়ে ভালো।

আলু ফ্রিজে রাখলে এর ভেতরের স্টার্চ দ্রুত চিনিতে রূপান্তরিত হতে শুরু করে। পরে রান্না বা ভাজার সময় এতে ক্ষতিকর যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই আলু সবসময় ঠান্ডা ও শুকনো জায়গায় বাইরে রাখা উচিত।

পেঁয়াজ ফ্রিজে রাখলে আর্দ্রতার কারণে তা দ্রুত নরম হয়ে যায় এবং অনেক সময় ছত্রাকও জন্মাতে পারে। এতে পেঁয়াজের স্বাদ ও গুণাগুণ নষ্ট হয়ে যায়। পেঁয়াজ সংরক্ষণের জন্য শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গা সবচেয়ে ভালো।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রসুনও ফ্রিজে রাখা ঠিক নয়। ঠান্ডায় রাখলে রসুন দ্রুত অঙ্কুরিত হয় এবং এর ভেতরের গঠন নষ্ট হতে থাকে। এতে স্বাদ কমে যায় এবং দীর্ঘদিন রাখলে গুণগত মানও হ্রাস পায়। পাশাপাশি এর তীব্র গন্ধ অন্য খাবারেও ছড়িয়ে পড়তে পারে।

অনেকে মধু ফ্রিজে রাখেন, যা প্রয়োজন নেই। ঠান্ডায় মধু জমে যেতে পারে এবং এর প্রাকৃতিক গুণাগুণ ক্ষতিগ্রস্ত হতে পারে। আসল মধু সাধারণ ঘরের তাপমাত্রায় অনেকদিন ভালো থাকে।

টমেটো ফ্রিজে রাখলে এর স্বাদ ও গন্ধ কমে যায়। ঠান্ডায় টমেটোর ভেতরের কোষের গঠন ক্ষতিগ্রস্ত হয়, ফলে এটি দ্রুত নরম হয়ে পড়ে এবং রান্নায় আগের মতো স্বাদ পাওয়া যায় না।

সব মিলিয়ে বলা যায়, ফ্রিজ সব খাবারের জন্য নয়। ভুলভাবে সংরক্ষণ করলে অনেক খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে এবং স্বাভাবিক গুণাগুণও হারিয়ে ফেলে। তাই কোন খাবার ফ্রিজে রাখা উচিত আর কোনটি নয়, তা জানা খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র: টিভি ৯