অজিত দোভাল ও সাবেক ‘র’প্রধানকে যুক্তরাষ্ট্রে তলব

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ওয়াশিংটনে ভারতের দূতাবাসের কূটনৈতিক চ্যানেলে এ সমন পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত ২৮ অক্টোবর নিউইয়র্কের একটি আদালতে জমা দেওয়া নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর সমন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ৯ অক্টোবর এ বিষয়ে ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়।
পন্নুন নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনি পরামর্শক। তার অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলা করেছেন। মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানো আদালতের নির্দেশনা অনুযায়ী একটি নিয়মিত প্রক্রিয়া। এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র মামলার অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিয়েছে।
ভারত সরকার পন্নুনের অভিযোগকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। এ ঘটনায় ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগও বরাবর অস্বীকার করে আসছে দেশটি।
পন্নুনকে হত্যার ষড়যন্ত্র
পন্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের পর এ মামলা করা হয়। এ ঘটনায় ভারতের নাগরিক নিখিল গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল।
২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে গ্রেপ্তারের পর গুপ্তকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, পন্নুনকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনা করেছিলেন তিনি। এ কাজে তৎকালীন ‘র’-এর সঙ্গে যুক্ত বলে পরিচয় দেওয়া বিকাশ যাদবসহ অন্যরা জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয়।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন গুপ্ত। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে হত্যার জন্য লোক নিয়োগের ষড়যন্ত্র, হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। চলতি মাসের শেষ দিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর দাবি, পন্নুনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে বিকাশ যাদব সরাসরি নিখিল গুপ্তের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
যাদব ‘র’-এর সাবেক জুনিয়র কর্মকর্তা। ২০০৮ সালে তিনি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীতে (সিআরপিএফ) যোগ দেন। পরে মন্ত্রিপরিষদ সচিবালয়ের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাঁর বিরুদ্ধে অভিযোগ আনে। বর্তমানে ভারতে তার বিরুদ্ধে একটি মামলা চলছে।
মার্কিন তদন্তের পর এ ঘটনায় ওঠা অভিযোগ ও প্রমাণ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে ভারত সরকার।
পন্নুনকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করেছে ভারত
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৯ সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ)
আওতায় পন্নুনকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে। একই আইনে শিখস ফর জাস্টিসকেও নিষিদ্ধ করা হয়।
এসএফজে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম রয়েছে। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান এবং ভারতে হামলার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে সংগঠনটির বিরুদ্ধে।
পন্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র এবং ২০২৩ সালে কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনা ভারতকে কূটনৈতিক চাপে ফেলেছে।
নিজ্জর হত্যায় ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তুলেছিল কানাডা। তবে ভারত এ অভিযোগ অস্বীকার করে বলেছে, কানাডা এ বিষয়ে কোনো প্রমাণ দেয়নি। এ ঘটনার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। পরে উভয় দেশই একে অপরের কূটনৈতিক মিশন থেকে কর্মকর্তাদের বহিষ্কার করে এবং কয়েকজন কূটনীতিককে প্রত্যাহার করে নেয়।
(2)-6182f1.jpg)





