সিটি মেয়রে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজস্ব উদ্যোগে আলাদাভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। তবে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলটি কোনো প্রার্থী না দিয়ে ১১ দলীয় ঐক্যের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানাবে।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির এই সিদ্ধান্ত ও নির্দেশনা তুলে ধরেন দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনায় রাশেদ প্রধান বলেন, যেসব স্থানে জাগপার নিজস্ব প্রার্থী থাকবে না, সেসব স্থানে শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিতে হবে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে জোটের অন্যান্য দলের প্রার্থী বা নেতাকর্মীদের সঙ্গে কোনো অবস্থাতেই বিবাদে জড়ানো যাবে না। নির্বাচনের সুবিধা পাওয়ার স্বার্থে কোনো অন্যায়ের কাছে মাথা নত না করার এবং কোনো জালিমের সঙ্গে আপস না করার কঠোর আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের প্রসঙ্গ টেনে বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন রাশেদ প্রধান। তা সত্ত্বেও দলের যেসব নেতা-কর্মী নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাঁদের আগামী ৩০ নভেম্বর সোমবারের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশেদ প্রধান আরও বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী থাকলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো আলাদাভাবে অংশ নেবে। তবে স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ পারস্পরিক সমঝোতার মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করতে পারলে, ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদকে অবহিত করার মাধ্যমে ঐক্যের একক প্রার্থী হওয়ার সুযোগও রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম ও ভিপি মুজিবুর রহমান।

